নিচে নামানো হলে তুমি ভূমি থেকে কথা বলবে; ধুলোর মধ্য থেকে তোমার অস্পষ্ট কথা শোনা যাবে। ভূপৃষ্ঠ থেকে তোমার স্বর হবে যেন প্রেতাত্মার মতো; ধুলোর মধ্য থেকে তুমি ফিসফিস করে কথা বলবে।
তখন অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির পাল পাল লোকেরা, যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করে ও তাকে অবরুদ্ধ করে, তারা হবে ঠিক যেন স্বপ্নের মতো, যেমন রাত্রিবেলা কেউ দর্শন পায়,
যে ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, সে অন্ন ভোজন করছে, কিন্তু জেগে উঠলে তার ক্ষুধা থেকেই যায়; পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে যে সে জলপান করছে, কিন্তু জেগে উঠলে সে মূর্ছিত হয়, কারণ তার পিপাসা নিবারিত হয়নি। এরকমই হবে সব জাতির বিপুল সংখ্যক লোকের প্রতি, যারা সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করে।
তোমরা স্তম্ভিত হও, বিস্ময় প্রকাশ করো, নিজেদের চোখ ঢেকে ফেলো, রুদ্ধদৃষ্টি হও; মত্ত হও, কিন্তু সুরা পান করে নয়, টলোমলো করো, কিন্তু সুরা পানের জন্য নয়।
সদাপ্রভু তোমাদের উপরে এক গভীর নিদ্রা নিয়ে এসেছেন: তিনি তোমাদের দৃষ্টি রুদ্ধ করেছেন (অর্থাৎ ভাববাদীদের); তিনি তোমাদের মস্তক আবৃত করেছেন (অর্থাৎ দর্শকদের)।
তোমাদের কাছে এই দর্শনের সমস্তটাই সিলমোহরাঙ্কিত পুঁথির বাণী ছাড়া আর কিছুই নয়। যে পাঠ করতে পারে, তাকে যদি তোমরা ওই পুঁথিটি দাও ও তাকে বলো, “দয়া করে তুমি এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে পারব না, কারণ এতে সিলমোহর দেওয়া আছে।”
সদাপ্রভু বলেন: “এই লোকেরা কেবল মুখেরই কথায় আমার কাছে এগিয়ে আসে, তারা কেবলমাত্র ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু তাদের হৃদয় থাকে আমার থেকে বহুদূরে। তারা আমার যে উপাসনা করে, তা মানুষের শিখিয়ে দেওয়া কিছু নিয়মবিধি মাত্র।
ধিক্ তাদের, যারা সদাপ্রভুর কাছে তাদের পরিকল্পনা লুকাবার জন্য গভীর জলে নেমে যায়, যারা অন্ধকারে নিজেদের কাজ করে ও ভাবে, “কে আমাদের দেখতে পাচ্ছে? কে এসব জানতে পারবে?”
তোমরা সমস্ত বিষয়কে উল্টোপাল্টা করছ, যেন কুমোর ও মাটি, একই সমান! নির্মিত বস্তু কি নির্মাতাকে বলবে, “সে আমাকে নির্মাণ করেনি?” পাত্র কি কুমোরকে বলতে পারে, “ও কিছুই জানে না?”
অর্থাৎ, যারা নির্দোষকে অপরাধী সাব্যস্ত করে, যারা আদালতে প্রতিবাদীকে ফাঁদে ফেলে এবং যারা মিথ্যা সাক্ষ্যের দ্বারা নির্দোষ ব্যক্তিকে ন্যায়বিচার পেতে বঞ্চিত করে।
যখন তারা তাদের ছেলেমেয়েদের, অর্থাৎ আমার হাতের কাজ তাদের মধ্যে দেখবে, তারা আমার নামের পবিত্রতা বজায় রাখবে; তারা যাকোব কুলের পবিত্রতমজনের পবিত্রতাকে স্বীকার করবে, তারা সম্ভ্রমে ইস্রায়েলের ঈশ্বরের সামনে দাঁড়াবে।