হে ধ্বংসকারী, ধিক্ তোমাকে! তুমি ধ্বংস না হয়েও ধ্বংস করছ; তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয় নি তবুও তুমি বিশ্বাসঘাতকতা করছ। ধ্বংসের কাজ শেষ করলেই তোমাকে ধ্বংস করা হবে; বিশ্বাসঘাতকতা করা শেষ করলেই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।
সিয়োনের পাপীরা ভীষণ ভয় পেয়েছে; ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকদের কাঁপুনি ধরেছে। তারা বলছে, “আমাদের মধ্যে কে পুড়িয়ে ফেলা আগুনের সংগে থাকতে পারে? কে চিরকাল জ্বলতে থাকা আগুনের সংগে বাস করতে পারে?”
সে-ই বাস করতে পারে, যে লোক সৎভাবে চলাফেরা করে ও যা ঠিক তা বলে, যে লোক জুলুম করে লাভ করা ঘৃণা করে ও ঘুষ নেওয়া থেকে হাত সরিয়ে রাখে, যে লোক খুনের ষড়যন্ত্রের কথা শোনা থেকে কান বন্ধ করে রাখে আর মন্দ কাজ করতে দেখা থেকে চোখ বন্ধ করে রাখে।
তোমার চিন্তার মধ্যে থাকবে আগের সেই ভীষণ ভয়ের কথা। তুমি ভাববে, “কোথায় সেই হিসাব-রক্ষক? কোথায় সেই লোক, যে কর্ আদায় করত? কোথায় দুর্গের ভার-পাওয়া সেই কর্মচারী?”
আমাদের সব পর্ব পালনের শহর সিয়োনের দিকে চেয়ে দেখ। তোমার চোখ দেখবে যিরূশালেমকে, একটা শান্তিপূর্ণ বাসস্থানকে, একটা তাম্বুকে যা সরানো হবে না। তার গোঁজগুলো কখনও তোলা হবে না আর তার কোন দড়িও ছিঁড়বে না।
সেখানে শক্তিশালী সদাপ্রভু আমাদের মংগলের জন্য থাকবেন। সেখানে বড় বড় নদী ও খাল থাকবে। কোন দাঁড়ের নৌকা সেখানে চলবে না; কোন শক্তিশালী জাহাজও তার উপর দিয়ে যাবে না।
এখন তোমার পালের দড়াদড়ি ঢিলে হয়ে গেছে; তাতে মাস্তুলটা শক্ত করে আট্কানো নেই, পালও খাটানো যায় নি। পরে লুটের প্রচুর জিনিস ভাগ করা হবে; এমন কি, খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।