হে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইস্রায়েল, যিনি তোমাকে তৈরী করেছেন, সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, “তুমি ভয় কোরো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার।
তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সংগে সংগে থাকব। যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে, তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না; তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না; আগুনের শিখা তোমার গায়ে লাগবে না;
কারণ আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইস্রায়েলের সেই পবিত্রজন। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিসর দেশ দেব, আর তোমার বদলে কূশ ও সবা দেশ দেব।
আমি উত্তরের দেশগুলোকে বলব, ‘ওদের ছেড়ে দাও,’ আর দক্ষিণের দেশগুলোকে বলব, ‘ওদের আট্কে রেখো না।’ আমি তাদের বলব, ‘তোমরা দূর থেকে আমার ছেলেদের আর পৃথিবীর শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস।
সব জাতি একসংগে জড়ো হোক আর লোকেরা এক জায়গায় মিলিত হোক। তাদের মধ্যে কে আমাদের কাছে ভবিষ্যদ্বাণী করতে পারে ও আগেকার বিষয় বলতে পারে? তাদের কথা যে ঠিক তা প্রমাণ করবার জন্য তারা তাদের সাক্ষী আনুক যাতে সেই সাক্ষীরা তা শুনে বলতে পারে, “ঠিক কথা।”
সদাপ্রভু ইস্রায়েলীয়দের বলছেন, “তোমরাই আমার সাক্ষী ও আমার বেছে নেওয়া দাস, যাতে তোমরা জানতে পার ও আমার উপর বিশ্বাস করতে পার আর বুঝতে পার যে, আমিই তিনি। আমার আগে কোন ঈশ্বর তৈরী হয় নি আর আমার পরেও অন্য কোন ঈশ্বর থাকবেন না।
সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছেন, “আমি তোমাদের জন্য বাবিলে লোক পাঠাব এবং যে জাহাজ নিয়ে বাবিলীয়েরা গর্ব করত তাতে করে পালিয়ে যাওয়া লোকদের মত করে সেই বাবিলীয়দের নিয়ে আসব।
পোড়ানো-উৎসর্গের জন্য তুমি আমার কাছে ভেড়া আন নি আর তোমার কোন উৎসর্গের দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-উৎসর্গের ভার দিই নি; লোবান দেবার জন্য তোমাকে ক্লান্ত করি নি।
তুমি কোন সুগন্ধি বচ আমার জন্য কিনে আন নি; তোমার পশু-উৎসর্গের চর্বি দিয়ে তুমি আমাকে খুশী কর নি। তার বদলে তুমি তোমার পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ আর তোমার সমস্ত অন্যায় দিয়ে আমাকে ক্লান্ত করেছ।