সদাপ্রভু তাঁর অভিষিক্ত লোক কোরসের সম্বন্ধে বলছেন, “তার সামনে জাতিদের দমন করবার জন্য আর রাজাদের শক্তিহীন করবার জন্য আমি তার ডান হাত ধরেছি। আমি তার সামনে দরজাগুলো খুলে দেব যাতে ফটকগুলো বন্ধ না থাকে।”
আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধন-সম্পদ আর লুকানো জায়গায় জমিয়ে রাখা ধন দেব, যাতে তুমি জানতে পার যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যিনি তোমার নাম ধরে ডাকেন।
“হে আকাশ, তুমি সততার বৃষ্টি ফেল; মেঘ সততা ঢেলে দিক। পৃথিবীর বুক খুলে গিয়ে উদ্ধার গজিয়ে উঠুক আর তার সংগে বেড়ে উঠুক সততা। আমি সদাপ্রভুই এর ব্যবস্থা করেছি।
“ধিক্ সেই লোককে, যে তার সৃষ্টিকর্তার সংগে ঝগড়া করে। সে তো মাটির পাত্রগুলোর মধ্যে একটা পাত্র ছাড়া আর কিছু নয়। মাটি কি কুমারকে বলবে, ‘তুমি কি তৈরী করছ?’ তোমার তৈরী জিনিস কি বলবে, ‘তোমার হাত পাকা নয়’?
“সদাপ্রভু, যিনি ইস্রায়েলের সেই পবিত্রজন, যিনি তার সৃষ্টিকর্তা, তিনি এই কথা বলছেন, ‘তোমরা কি ভবিষ্যতের ঘটনা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছ? আমার সন্তানদের সম্বন্ধে কিম্বা আমার হাতের কাজের বিষয়ে কি আমাকে আদেশ দিচ্ছ?
আমার ন্যায্যতায় আমি কোরসকে উত্তেজিত করব; আমি তার সমস্ত পথ সোজা করব। সে আমার শহর আবার তৈরী করবে, আমার যে লোকেরা বন্দী ছিল সে তাদের ছেড়ে দেবে কিন্তু সে কোন দাম বা পুরস্কারের জন্য তা করবে না।’ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছেন।”
সদাপ্রভু ইস্রায়েল জাতিকে বলছেন, “মিসরের উপার্জন করা সম্পদ ও কূশের ব্যবসার জিনিস তোমার কাছে আসবে। লম্বা লম্বা সবায়ীয়েরা নিজেরাই তোমার কাছে আসবে; তারা তোমার হবে আর তোমার পিছনে পিছনে চলবে। তারা শিকলে বাঁধা অবস্থায় তোমার কাছে আসবে। তারা তোমার সামনে মাটিতে মাথা ঠেকিয়ে মিনতি জানাবে ও বলবে, ‘ঈশ্বর নিশ্চয়ই তোমার সংগে আছেন। একমাত্র তিনিই ঈশ্বর, আর কোন ঈশ্বর নেই।’ ”
সদাপ্রভু, যিনি মহাকাশ সৃষ্টি করেছেন, তিনিই ঈশ্বর; যিনি পৃথিবীর আকার দিয়েছেন ও তৈরী করেছেন, তিনিই তা স্থাপন করেছেন। তিনি বাস করবার অযোগ্য করে পৃথিবী সৃষ্টি করেন নি, বরং লোকেরা যাতে বাস করতে পারে সেইভাবেই তা সৃষ্টি করেছেন। তিনি বলছেন, “আমিই সদাপ্রভু, আর কেউ নয়।
কোন অন্ধকার দেশের কোন জায়গা থেকে আমি গোপনে কথা বলি নি। যাকোবের বংশকে আমি বলি নি, ‘তোমরা মিথ্যাই আমাকে ডাক।’ আমি সদাপ্রভু ন্যায্য কথা বলি; যা ঠিক তা-ই ঘোষণা করি।
“ওহে অন্যান্য জাতির বেঁচে থাকা লোকেরা, তোমরা এক সংগে জড়ো হয়ে এস। যারা কাঠের মূর্তি বয়ে নিয়ে বেড়ায় আর এমন দেবতার কাছে প্রার্থনা করে যে উদ্ধার করতে পারে না তারা কিছুই জানে না।
এস, তোমাদের পক্ষে যা বলবার আছে তা উপস্থিত কর; তোমরা একসংগে পরামর্শ কর। এই ঘটনা যে ঘটবে তা কে আগে বলেছেন? সেই দূর অতীতে কে তা আগে ঘোষণা করেছেন? আমি সদাপ্রভুই কি তা করি নি? আমি ছাড়া আর ঈশ্বর নেই; আমি ন্যায়বান ঈশ্বর, আমি উদ্ধারকর্তা। আমি ছাড়া আর কোন ঈশ্বর নেই।
আমি নিজের নামেই শপথ করেছি, আমার ন্যায্যতায় আমি এই কথা বলেছি, আর তা বাতিল হবে না। সেই কথা হল, আমার সামনে প্রত্যেকে হাঁটু পাতবে এবং আমার অধীনতা স্বীকার করবে।