×

Kitabul Mukkadas

ইশাইয়া ৪৮

1
হে ইয়াকুবের বংশ, তোমরা শোন। তোমাদের তো ইসরাইল নামে ডাকা হয়, তোমরা এহুদার বংশ থেকে এসেছ, তোমরা মাবুদের নাম নিয়ে কসম খেয়ে থাক আর ইসরাইলের আল্লাহ্‌র কাছে মুনাজাত করে থাক, কিন্তু সত্যে বা ন্যায়ে তা কর না।
2
তোমরা তো নিজেদের পবিত্র শহরের বাসিন্দা বলে থাক আর ইসরাইলের মাবুদের উপরে ভরসা কর, যাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন।
3
মাবুদ বলছেন, “যা হয়ে গেছে তা আমি অনেক কাল আগেই বলেছিলাম; আমি তা জানিয়েছিলাম আর আমার মুখ তা ঘোষণা করেছিল। তারপর আমি হঠাৎ তা করলাম আর তা হল,
4
কারণ তোমরা যে কেমন একগুঁয়ে তা আমি জানতাম; তোমাদের ঘাড়ের গোশ্‌ত লোহার মত আর কপাল ব্রোঞ্জের মত।
5
সেইজন্য অনেক আগেই আমি তোমাদের এই সব বলেছিলাম আর তা ঘটবার আগেই তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, যাতে তোমরা বলতে না পার, ‘আমাদের মূর্তিগুলো এই সব করেছে, আমাদের খোদাই করা মূর্তি আর ছাঁচে ঢালা মূর্তি এই সব হুকুম দিয়েছে।’
6
তোমরা এই সব শুনেছ; সেই সমসে-র দিকে তোমরা তাকিয়ে দেখ। তোমরা কি তা মেনে নেবে না? “এখন থেকে আমি তোমাদের নতুন নতুন বিষয়ের কথা বলব যা তোমাদের অজানা ও গোপন বিষয়।
7
সেগুলো অনেক দিন আগে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সেই সব শোন নি। কাজেই তোমরা বলতে পারবে না, ‘জ্বী, আমরা তা জানতাম।’
8
তোমরা তা শোন নি এবং বুঝতেও পার নি; আগে থেকে তোমাদের কান খোলা হয় নি। তোমরা যে কেমন বেঈমান তা আমি জানি, জন্ম থেকেই তোমাদের বিদ্রোহী বলা হয়।
9
আমার নিজের সুনামের জন্যই আমার রাগকে আমি দমন করে রেখেছি; আমার প্রশংসার জন্য আমি তা বাধা দিয়ে রেখেছি যাতে তোমাদের শেষ করে ফেলা না হয়।
10
দেখ, আমি তোমাদের আগুনে ফেলেছি, কিন্তু তোমরা রূপার মত খাঁটি হয়ে বের হও নি; দুঃখের চুলাতে আমি তোমাদের যাচাই করেছি।
11
আমি যা কিছু করি তা আমার নিজের জন্য, কেবল আমার নিজের জন্যই করি। আমার নিজের অগৌরব আমি কি করে হতে দিতে পারি? আমার গৌরব আমি অন্যকে পেতে দিতে পারি না।
12
“হে ইয়াকুব, হে আমার বেছে নেওয়া ইসরাইল, তোমরা আমার কথা শোন। আমিই তিনি; আমিই প্রথম এবং আমিই শেষ।
13
আমি নিজের হাতে দুনিয়ার ভিত্তি স্থাপন করেছি আর ডান হাতে আসমানকে বিছিয়ে দিয়েছি; আমি ডাকলে এদের সবাই একসংগে দাঁড়ায়।
14
“তোমরা সকলে একত্র হয়ে শোন। মূর্তিগুলোর মধ্যে কোন্‌টা এই সব বিষয় আগেই বলেছে? ব্যাবিলনের বিরুদ্ধে মাবুদের বেছে নেওয়া বান্দা তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; মাবুদের হাত ব্যাবিলনীয়দের বিরুদ্ধে উঠবে।
15
আমি, আমি মাবুদই কথা বলেছি; জ্বী, আমিই তাকে ডেকেছি। আমি তাকে নিয়ে আসব আর সে তার কাজে সফল হবে।
16
“তোমরা আমার কাছে এসে এই কথা শোন। আমি প্রথম থেকে কোন কথা গোপন রাখবার জন্য বলি নি; সেই সব কথা পূর্ণ হবার সময় আমি সেখানে থাকি।” এখন আল্লাহ্‌ মালিক তাঁর রূহ্‌ দিয়ে আমাকে পাঠিয়েছেন।
17
মাবুদ, তোমাদের মুক্তিদাতা, ইসরাইলের আল্লাহ্‌ পাক এই কথা বলছেন, “আমি তোমাদের মাবুদ আল্লাহ্‌; তোমাদের উপকারের জন্য আমি তোমাদের শিক্ষা দিই। যে পথে তোমাদের চলতে হবে আমি সেই পথে তোমাদের চালাই।
18
তোমরা যদি কেবল আমার হুকুমের প্রতি মনোযোগ দিতে তাহলে তোমাদের শান্তি হত নদীর মত আর তোমাদের সততা হত সাগরের ঢেউয়ের মত।
19
এছাড়া তোমাদের বংশধরেরা বালির মত হত আর তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অসংখ্য। তাদের নাম আমার সামনে থেকে কখনও মুছে ফেলা হত না কিংবা তাদের ধ্বংস করা হত না।”
20
তোমরা ব্যাবিলন ছেড়ে চলে যাও, ব্যাবিলনীয়দের কাছ থেকে পালাও। তোমরা আনন্দে চিৎকার করে জানাও, ঘোষণা কর। দুনিয়ার শেষ সীমা পর্যন্ত এই কথা বল, “মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।”
21
যখন তিনি মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন তখন তারা পিপাসায় কষ্ট পায় নি, কারণ তিনি পাথর থেকে তাদের জন্য পানি বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ফাটিয়েছিলেন আর তাতে পানি বের হয়ে এসেছিল।
22
মাবুদ বলছেন, “দুষ্টদের কোন শান্তি নেই।”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন