আমি আসলে পর কেউ সেখানে ছিল না কেন? আমি ডাকলে পর জবাব দেবার জন্য কেউ ছিল না কেন? তোমাদের মুক্ত করবার জন্য আমার হাত কি বেশী খাটো? তোমাদের উদ্ধার করবার জন্য আমার কি শক্তির অভাব হয়েছে? মাত্র ধমক দিয়েই আমি সাগর শুকিয়ে ফেলি আর নদীগুলো মরুভূমি করে দিই; সেগুলোর মাছ পানির অভাবে পচে যায় আর পিপাসায় মরে যায়।
আল্লাহ্ মালিক আমাকে শিক্ষিতদের জিভ্ দিয়েছেন যাতে আমি কথার দ্বারা ক্লান্ত লোকদের সাহায্য করতে পারি। তিনি আমাকে প্রত্যেক দিন সকালে জাগিয়ে দেন আর আমার কানকে সজাগ করেন যাতে আমি একজন শাগরেদের মত শুনি।
যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি আর যারা আমার দাড়ি উপ্ড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুথু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখি নি।
তোমাদের মধ্যে যে মাবুদকে ভয় করে, যে তাঁর গোলামের কথার বাধ্য হয়, কোন আলো নেই বলে যে অন্ধকারে চলে, সে মাবুদের উপর ঈমান আনুক আর তার আল্লাহ্র উপরে ভরসা করুক।
কিন্তু তোমরা যারা আগুন জ্বেলেছ আর মশাল নিয়ে নিজেদের ব্যবস্থা করেছ, তোমরা সবাই গিয়ে তোমাদের আগুনের আলোতে আর মশালের আলোতে চল। আমার হাত থেকে তোমরা যা পাবে তা হল, যন্ত্রণার মধ্যে তোমরা শুয়ে থাকবে।