×

পবিএ বাইবেল

ইশাইয়া ৫৩

1
তখন লোকে বলবে, কে বিশ্বাস করবে এ কথা? কে বুঝবে, এ কাজ প্রভু পরমেশ্বরের?
2
প্রভু পরমেশ্বরের ভক্ত দাস, একটি চারার মত মূল বিস্তার করে বৃদ্ধিলাভ করুক শুষ্ক ঊষর ভূমিতে, এই হল প্রভুর অভিপ্রায়। তাই বুঝি সেই দাসের ছিল না কোন রূপ, ছিল না মহিমার প্রকাশ, সেই মুখছবি মনকে করে না আকর্ষণ।
3
চরম ঘৃণায় আমরা তাঁকে করলাম প্রত্যাখ্যান, সহ্য করলেন তিনি দুঃসহ যন্ত্রণা। কেউ চেয়ে দেখল না তাঁর দিকে, নিতান্ত অবহেলায় আমরা করেছি তাঁকে নিদারুণ অবজ্ঞা।
4
আমাদের পাপের দণ্ড তিনিই বরণ করে নিলেন, ভোগ করলেন আমাদের হয়ে প্রচণ্ড যন্ত্রণা। তবু আমরা মনে করলাম, এ যন্ত্রণা ঈশ্বরের প্রেরিত তাঁর প্রাপ্য দণ্ড।
5
অথচ তাঁর এ আঘাত আমাদেরই পাপের ফল, প্রহারিত তিনি আমাদের অপরাধে। তাঁর এ যন্ত্রণাভোগে আমরা লাভ করলাম আরোগ্য, আমাদের হয়ে তাঁর প্রচণ্ড আঘাত গ্রহণে আমরা হলাম পরিশুদ্ধ, লাভ করলাম পূর্ণতা।
6
আমরা হয়েছিলাম পথভ্রান্ত হারানো মেষের মত, নিজেরাই বেছে নিয়েছিলাম নিজেদের পথ। কিন্তু প্রভু পরমেশ্বর আমদের সমস্ত অপরাধের দায় তুলে দিলেন তাঁর উপরে।
7
জর্জরিত হলেন তিনি নির্মম অত্যাচারে সব সহ্য করলেন নীরবে, নত হয়ে মুখ খুললেন না একটি বারও। বলিদানের মেষশাবকের মত, লোমছেদকের কাছে মেষের মত নীরব হয়ে থাকলেন তিনি।
8
অন্যায়ভাবে ধৃত হলেন তিনি, হলেন দণ্ডিত চরম অবিচারে। তবুও কেউ ভেবে দেখল না যে, জীবিতদের দেশ থেকে তিনি হলেন নির্বাসিত, তাঁরই স্বজাতির মহাপাপে!
9
যদিও কোন উৎপীড়ন, অপরাধ তিনি করেন নি, ছিল না কোন ছল কপটতা তাঁর মুখে, তবুও, তাঁর কবর নিরূপিত হয়েছিল অপরাধীদের সঙ্গে, মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন! অপরের পাপের ক্ষমার জন্য প্রায়শ্চিত্ত বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন যিনি।
10
তাঁর এ দুঃখ-যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়ন, দেখলেন প্রভু পরমেশ্বর! তিনি আরোগ্য দান করলেন তাঁর ভক্তদাসকে, দান করলেন তাঁকে দীর্ঘজীবন, এই ভক্তদাসই পূর্ণ করবেন প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।
11
দুঃখ-যন্ত্রণাময় এই জীবনের পর তিনি আবার লাভ করবেন আনন্দ, দেখবেন, সার্থক হয়েছে তাঁর এ যন্ত্রণাভোগ। আমার একনিষ্ঠ দাস, যাঁর প্রতি আমি পরম প্রীত তিনি বহুমানবের পাপের বোঝা তুলে নেবেন নিজের কাঁধে, তাঁরই মুখ চেয়ে আমি ক্ষমা করব সকলকে।
12
এই জন্য তাঁকে সম্মানের আসনে বসাব আমি, প্রতিষ্ঠিত করব তাঁকে মর্যাদার আসনে মহান ও বিক্রমশালীদের মাঝে। কারণ তিনি নিজে গ্রহণ করলেন বহুজনের পাপের দায়, করলেন তিনি স্বেচ্ছায় জীবনদান তাদের হয়ে। নিজেকে বসালেন তিনি অপরাধীর আসনে, তাদেরই ক্ষমার জন্য নিয়ত বিনতি তাঁর।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন