×

Kitabul Mukkadas

ইশাইয়া ৫৫

1
মাবুদ বলছেন, “হে পিপাসিত লোকেরা, তোমরা সবাই পানির কাছে এস; যার পয়সা নেই সেও এসে কিনে খেয়ে যাক। এস, বিনা পয়সায়, বিনামূল্যে আংগুর-রস আর দুধ কেনো।
2
যা কোন খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে? যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করবে? শোন, আমার কথা শোন, যা ভাল তা-ই খাও; তাতে সবচেয়ে ভাল খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে।
3
আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আমার বিশ্বস্ততায় ভরা মহব্বতের দরুন আমি দাউদের কাছে যে ওয়াদা করেছি সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব।
4
দেখ, আমি তাকে জাতিদের কাছে একজন সাক্ষী, একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি।
5
সত্যিই, যে জাতিদের তোমরা চিনতে না তাদের ডাকবে আর সেই জাতিরা, যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে। তোমাদের মাবুদ আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌ পাকের জন্যই তারা তা করবে, কারণ তিনি তোমাদের গৌরবে পূর্ণ করেছেন।”
6
মাবুদ কাছে থাকতেই তাঁর দিকে ফেরো; তিনি কাছে থাকতে থাকতে তাঁকে ডাক।
7
দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক আর খারাপ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে মাবুদের দিকে ফিরুক, তাতে তিনি তার উপর মমতা করবেন; আমাদের আল্লাহ্‌র দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই মাফ করবেন।
8
মাবুদ বলছেন, “আমার চিন্তা তোমাদের চিন্তার মত নয়, আমার পথও তোমাদের পথের মত নয়।
9
আসমান যেমন দুনিয়ার চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু।
10
বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে আর দুনিয়াকে পানি দান না করে সেখানে ফিরে যায় না, বরং তাতে ফুল ও ফল ধরায় এবং যে বীজ বোনে তার জন্য শস্য আর যে খায় তার জন্য খাবার দান করে।
11
ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া কালাম নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছামত কাজ করবে আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে।
12
তোমরা আনন্দের সংগে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড়-পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে কাওয়ালী গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে।
13
কাঁটাঝোপের বদলে বেরস আর কাঁটাগাছের বদলে গুলমেঁদি জন্মাবে। মাবুদের সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে। সেই চিহ্ন কখনও ধ্বংস হবে না।”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন