সৎ লোকেরা যে ধ্বংস হয়ে যাচ্ছে তার দিকে কেউ মনোযোগ দেয় না। ঈশ্বরভক্ত লোকদের নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে, মন্দের হাত থেকে রক্ষা করবার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে।
“হে ইস্রায়েল, তুমি উপত্যকার সমান পাথরগুলোই পূজা করে থাক; ওরা, ওরাই তোমার সম্পত্তি। হ্যাঁ, ওদের কাছেই তুমি ঢালন-উৎসর্গ ঢেলে দিয়েছ আর শস্য-উৎসর্গ করেছ। এই সব ব্যাপার দেখে কি আমি চুপ করে থাকব?
তোমার ঘরের ভিতরে তুমি তোমার পূজার জিনিস রেখেছ। আমাকে ত্যাগ করে অন্যদের পেয়ে তুমি কাপড় খুলে খাটে উঠেছ, আর নিজের বিছানা বড় করে তাদের সংগেই থাকবার চুক্তি করেছ; তুমি তাদের সংগে থাকতে ভালবেসেছ ও তাদের উলংগতা দেখেছ।
“কাকে তুমি এত ভয় করেছ যার জন্য তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ, আমাকে ভুলে গেছ আর আমার প্রতি অমনোযোগী হয়েছ? আমি অনেক দিন ধরে চুপ করে আছি, সেইজন্যই কি তুমি আমাকে ভয় কর না?
সাহায্যের জন্য যখন তুমি কাঁদবে তখন তোমার জড়ো করা মূর্তিগুলোই তোমাকে রক্ষা করুক। বাতাস তাদের সকলকে বয়ে নিয়ে যাবে; সামান্য একটা নিঃশ্বাস তাদের উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু যে লোক আমার আশ্রয় নেয় সে দেশের এবং আমার পবিত্র পাহাড়ের অধিকার পাবে।”
যিনি মহান ও গৌরবে পূর্ণ, যিনি চিরকাল জীবিত, যাঁর নাম পবিত্র, তিনি বলছেন, “আমি উঁচু ও পবিত্র জায়গায় বাস করি, কিন্তু যার মন নম্র, যার মন ভেংগে চুরমার হয়েছে আমি তার সংগেও বাস করি যাতে নম্রদের ও মন ভেংগে চুরমার হওয়া লোকদের অন্তরকে আমি নতুন করে তুলতে পারি।
আমি চিরকালের জন্য মানুষকে দোষী করব না কিম্বা আমার ক্রোধ সব সময় তাদের উপর থাকবে না। যদি থাকে তাহলে মানুষ, যে মানুষকে আমি তৈরী করেছি তারা তো আমার সামনে শেষ হয়ে যাবে।