মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে, ছেয়ে যাবে মিদিয়ন ও ঐফার শক্তিশালী উটে। তারা সোনা আর সুগন্ধি ধূপ নিয়ে শিবা দেশ থেকে আসবে আর সদাপ্রভুর গৌরব ঘোষণা করবে।
কেদরের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নবায়োতের ভেড়া তোমার কাজে লাগবে; আমার বেদীর উপরে উৎসর্গ হিসাবে আমি সেগুলো গ্রহণ করব, আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।
সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে; তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকে বড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে। ইস্রায়েলের সেই পবিত্রজনের, তোমার ঈশ্বর সদাপ্রভুর গৌরব করবার জন্য তোমার ছেলেরা আসছে, কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
তোমাকে যারা অত্যাচার করত তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে; যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই তোমাকে প্রণাম করবে আর তোমাকে সদাপ্রভুর শহর, ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।
মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায় তেমনি জাতিরা ও রাজারা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে। তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন।
আমি তোমার জন্য আনব ব্রোঞ্জের বদলে সোনা আর লোহার বদলে রূপা। কাঠের বদলে আমি তোমার জন্য আনব ব্রোঞ্জ আর পাথরের বদলে লোহা। আমি মংগলকে করব তোমার শাসনকর্তা আর সততাকে করব তোমার নেতা।
কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা। তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধার আর তোমার ফটকগুলোর নাম হবে প্রশংসা।
দিনের বেলা সূর্যের আলো তোমার আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না, কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো, আর তোমার ঈশ্বরই হবেন তোমার জাঁকজমক।