×

পবিএ বাইবেল

ইশাইয়া ৬৫

1
প্রভু পরমেশ্বর বললেন, আমি আমার প্রজাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু কেউ আমাকে ডাকলো না। চেয়েছিলাম তাদের ধরা দিতে কিন্তু কেউ আমায় চাইলো না, খুঁজলো না আমায়। যে জাতি আমায় কোনদিন ডাকে নি, তাদেরই আমি বার বার বলেছি, ‘দেখ, এই যে আমি’।
2
চরম ঔদ্ধত্যে যারা অন্যায়ের পথে ছুটে চলেছে, আমার সেই স্বেচ্ছাচারী বিদ্রোহী প্রজাদের জন্য সারাদিন আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।
3
আমাকে তাচ্ছিল্য করে প্রকাশ্যে নিজেদের নির্লজ্জ আচরণে তারা আমাকে অবিরত উত্যক্ত করে চলেছে। তারা উদ্যানে ও প্রতিষ্ঠিত দেবস্থানে বলি উৎসর্গ করে, সেই বেদীতে তারা ধূপ জ্বালে।
4
রাত্রে তারা সমাধিভূমিতে গোপনে প্রেতাত্মাদের আহ্বান করে, দেবস্থানে বলিদান করা নিষিদ্ধ শুকর মাংসের ব্যঞ্জন সেখানে ভোজন করে।
5
সেই সময় তারা অন্যান্য সবাইকে বলে, ‘সরে যাও, সরে যাও, কাছে এস না! আমরা অতি পবিত্র, ছুঁয়ো না আমাদের!’ এই রকম লোকদের আমি সহ্য করতে পারি না, ক্রোধে আগুনের মত জ্বলতে থাকি, এ আগুন কখনও নেভে না।
6
ওদের কার্যকলাপ আমার সামনে লিপিবদ্ধ আছে। আমি আর নীরব থাকব না। ওরা এবং ওদের পিতৃপুরুষেরা যা করেছে তার সমুচিত প্রতিফল আমি অবশ্যই দেব। পর্বতের উপরে দেবস্থানে তারা ধূপ জ্বালিয়ে আমার অবমাননা করত। সুতরাং তাদের এইসমস্ত কর্ম ও আচরণের উপযুক্ত প্রতিফল আমি দেব।
7
8
প্রভু পরমেশ্বর বলেন, কেউ ভাল দ্রাক্ষাফল নষ্ট করে না, বরং সেগুলি দিয়ে সুরা তৈরী করে। সেই রকম আমিও আমার সমস্ত প্রজাকে ধ্বংস করব না, যারা আমার সেবা করে, রক্ষা করব আমি তাদের।
9
আমি ইসরায়েলীদের মধ্যে যিহুদা গোষ্ঠীর লোকদের আশীর্বাদ করব। তাদের বংশধরেরা আমার পাহাড় ঘেরা দেশের অধিবাসী হবে। আমার মনোনীত লোকেরা, যারা সেবা করবে আমার, তারাই বাস করবে সেখানে।
10
তারা আমার আরাধনা করবে এবং পশ্চিমে শারোণের সমতলভূমি ও পূর্বে আখোর উপত্যকাগুলি হবে তাদের মেষ ও গবাদী পশুপালের চারণভূমি।
11
কিন্তু তোমরা যারা আমায় পরিত্যাগ করেছ, অবজ্ঞা করেছ আমার পবিত্র পর্বতকে এবং ভাগ্যদেবী ও দেবতার আরাধনায় মগ্ন হয়েছ,
12
খড়্গাঘাতে নির্মম মৃত্যুই হবে তোমাদের বিধিলিপি, কারণ আমার ডাকে তোমরা সাড়া দাও নি, কর্ণপাত কর নি আমার কথায়। যা কিছু আমার দৃষ্টিতে মন্দ, যাতে আমি বিরক্ত হই, আমার অবাধ্য হয়ে সেই মন্দ কাজই তোমরা করে চলেছ।
13
সেইজন্য, আমি তোমাদের বলছি, আমার অনুগত ভক্তদের খাদ্য ও পানীয়ের অভাব হবে না কিন্তু তোমরা জর্জরিত হবে তৃষ্ণায় ও ক্ষুধার জ্বালায়। আমার সেবকেরা অবগাহন করবে আনন্দধারায়, তোমরা অধোবদন হবে লজ্জায়।
14
মনের আনন্দে তারা গান গাইবে, আর তোমরা দুঃখের ভারে কান্নায় ভেঙ্গে পড়বে।
15
আমার মনোনীত প্রজারা তোমাদের নামকে অভিশাপরূপে ব্যবহার করবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমাদের মৃত্যুর হাতে তুলে দেব। কিন্তু আমার অনুগত সেবকদের আমি দান করব এক নতুন নাম।
16
কেউ যদি প্রকৃতই আশীর্বাদ পেতে চায়, সে আশীর্বাদ চাইবে সত্যময় ঈশ্বরের নামে এবং কেউ যদি শপথ নিতে চায়, সে শপথ নেবে সেই সত্যময় ঈশ্বরের নামে। অতীতের সমস্ত সঙ্কট ও বিপর্যয়ের পরিসমাপ্তি ঘটবে, সকলে ভুলে যাবে সেইসব কথা।
17
প্রভু পরমেশ্বর বলেন, আমি সৃষ্টি করছি এক নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী। অতীতের সমস্ত বিষয় ডুবে যাবে বিস্মৃতির অতল গভীরে।
18
আমার এ সৃষ্টিতে উল্লসিত হও তোমরা, চিরায়ত হোক আনন্দ তোমাদের। আমার সৃষ্ট নতুন জেরুশালেম হবে আনন্দভূমি, তার অধিবাসীরা হবে আনন্দের উৎস।
19
জেরুশালেম ও আমার জেরুশালেমবাসী প্রজারা আমার হৃদয় আনন্দে পূর্ণ করবে। সেখানে আর শোনা যাবে না আর্তের ক্রন্দনরোল,
20
শিশুরা আর অকালে পতিত হবে না মৃত্যুর করাল গ্রাসে। মানুষ ভোগ করবে পূর্ণ আয়ু শতায়ু হলেও তারা বিগত যৌবন হবে না। তার আগে যদি কারও মৃত্যু হয়, তবে লোকে মনে করবে সে অভিশপ্ত।
21
মানুষ গৃহ নির্মাণ করবে এবং সেই গৃহে তারা নিজেরাই বাস করবে, অন্যে করবে না। তারা রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ এবং সেই কুঞ্জের দ্রাক্ষা ফলের সুরা তারা নিজেরাই ভোগ করবে, অন্য কেউ নয়। আমার প্রজারা বৃক্ষের মত লাভ করবে দীর্ঘ জীবন। তারা তাদের শ্রমের ফল পরিপূর্ণভাবে ভোগ করবে।
22
23
সমস্ত কাজে তারা সাফল্য লাভ করবে, তাদের সন্তানেরা বিপর্যয়ের সম্মুখীন হবে না কোনদিন। তাদের উপরে ও তাদের সন্তান-সন্ততিদের উপরে চিরদিন বর্ষিত হবে আমার আশীর্বাদ।
24
তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তাদের প্রার্থনার কথা শেষ হবার আগেই আমি তাদের প্রার্থনা পূর্ণ করব।
25
নেকড়ে বাঘ ও মেষশাবক একসঙ্গে আহার করবে, সিংহ বলদের মত তৃণভোজী হবে। সর্প আর বিপজ্জনক থাকবে না। আমার পবিত্র পর্বত সিয়োনে হিংসা ও বিনাশের অস্তিত্ব থাকবে না।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন