সদাপ্রভু বলছেন, “আমি এই লোকদের আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি, কিন্তু তারা আমার কাছে কোন অনুরোধ জানায় নি; আমি তাদের কাছেই ছিলাম, কিন্তু তারা কোন সাহায্যের জন্য আমার কাছে আসে নি। আমি এই জাতির লোকদের বলেছি, ‘এই যে আমি, এই যে আমি,’ কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করে নি।
“দেখ, তাদের কথা আমার সামনে লেখা রয়েছে। আমি চুপ করে থাকব না বরং তাদের পাওনা শাস্তি তাদের দেব। আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের পাপের জন্য তাদেরই দায়ী করব। তারা পাহাড়ে-পর্বতে ধূপ জ্বালিয়েছে আর সেখানে আমাকে অগ্রাহ্য করেছে; সেইজন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদেরই মেপে দেব।”
আমি যাকোব থেকে এবং যিহূদা থেকে একটা বংশ তুলব; তারা আমার পাহাড়-পর্বতের অধিকারী হবে। আমার বাছাই করা লোকেরা সেগুলো অধিকার করবে আর আমার দাসেরা সেখানে বাস করবে।
কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছ এবং আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশে মেশানো মদে পাত্র ভরেছ,
আমি তোমাদের ভাগ্য নির্দিষ্ট করব তলোয়ার দিয়ে, আর তোমরা সকলে জবাই হবার জন্য নীচু হবে। এর কারণ হল, আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা উত্তর দাও নি, আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি। আমার চোখে তোমরা মন্দ কাজ করেছ এবং যাতে আমি অসন্তুষ্ট হই তা-ই বেছে নিয়েছ।”
কাজেই প্রভু সদাপ্রভু বলছেন, “আমার দাসেরা খাবে, কিন্তু তোমরা খিদেয় মরবে; আমার দাসেরা জল খাবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জা দেওয়া হবে।
দেশের মধ্যে যে কোন লোক আশীর্বাদ চাইবে সে সত্যময় ঈশ্বরের কাছেই তা চাইবে; দেশের মধ্যে যে কেউ শপথ করবে সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে; কারণ লোকে আগেকার কষ্ট ভুলে যাবে আর আমার চোখের সামনে থেকে তা লুকানো হবে।
সেখানে কোন শিশু মারা যাবে না, কিম্বা কোন বুড়ো লোক আয়ু শেষ না হলে মরবে না। কেউ একশো বছর বয়সে মারা গেলেও তাকে যুবক বলা হবে; যে একশো বছর বাঁচবে না তাকে অভিশপ্ত বলা হবে।
তারা ঘর তৈরী করলে অন্যেরা আর সেখানে বাস করবে না, কিম্বা গাছ লাগালে অন্যেরা ফল খাবে না। আমার লোকদের আয়ু একটা গাছের আয়ুর সমান হবে; আমার বাছাই করা লোকেরা অনেক দিন ধরে তাদের হাতের কাজের ফল ভোগ করবে।
নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা এক সংগে খাবে, সিংহ গরুর মত বিচালি খাবে আর সাপের খাবার হবে ধুলা। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কোন ক্ষতি করবে না কিম্বা ধ্বংস করবে না।”