সদাপ্রভু আমাকে বললেন, “তুমি একটা বড় ফলক নিয়ে তার উপরে সাধারণ লোকের হাতের লেখা অনুসারে এই কথা লেখ, মহের-শালল-হাশ-বস (যার মানে ‘শীঘ্র লুট করা, তাড়াতাড়ি কেড়ে নেওয়া’)।
পরে আমি আমার স্ত্রী, যিনি মহিলা-নবী ছিলেন, তাঁর সংগে মিলিত হলাম আর তিনি গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন। তখন সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখ মহের-শালল-হাস-বস।
সেইজন্য প্রভু ইউফ্রেটিস নদীর ভীষণ বন্যার জলের মত করে সমস্ত জাঁকজমক সুদ্ধ আসিরিয়ার রাজাকে তাদের বিরুদ্ধে শীঘ্রই নিয়ে আসবেন। সেই জল নদীর সব খাল ও কিনারা ছাপিয়ে বয়ে যাবে,
আর তা যিহূদা দেশের মধ্যে বেগে এসে পড়বে এবং উথলে উঠে গলা পর্যন্ত বেড়ে যাবে। হে ইম্মানূয়েল, আসিরিয়ার রাজা তার মেলে দেওয়া ডানা দিয়ে তোমার গোটা দেশটা ঢেকে ফেলবে।
“হে জাতিরা, তোমরা একত্র হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হে দূরের দেশগুলো, শোন, তোমরা যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হ্যাঁ, যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে।
তাহলে তিনি হবেন একটা পবিত্র আশ্রয়স্থান, কিন্তু ইস্রায়েলীয়দের দু’টি দেশের জন্য তিনি এমন একটা পাথর হবেন যাতে লোকে উছোট খাবে এবং যা লোকের উছোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যিরূশালেমের লোকদের জন্য তিনি হবেন একটা ফাঁদ ও একটা জাল।
এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের সদাপ্রভু আমাকে দিয়েছেন। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যিনি সিয়োন পাহাড়ে বাস করেন আমরা তাঁরই ইচ্ছা অনুসারে চিহ্ন ও আশ্চর্য লক্ষণ হয়েছি।
লোকে যখন তোমাদের সেই লোকদের কাছে যেতে বলে যারা মৃত লোকদের ও মন্দ আত্মাদের সংগে যোগাযোগ স্থাপন করে আর ফিস্ফিস্ ও বিড়্বিড়্ করে, তখন তোমাদের কি ঈশ্বরের কাছে যাওয়া উচিত নয়? যারা জীবিত আছে তাদের হয়ে কেন মৃতদের সংগে পরামর্শ করতে যাবে?