হে সদাপ্রভু, আমি যখন তোমার বিরুদ্ধে কোন নালিশ করি তখন তুমি যে নির্দোষ তা সব সময়ই প্রমাণিত হয়। তবুও আমি তোমার বিচার সম্বন্ধে তোমার সংগে কিছু কথা বলব। দুষ্টদের পথ কেন ভাল হয়? যারা বিশ্বাসঘাতকতা করে তারা কেন আরামে বাস করে?
হে সদাপ্রভু, তুমি আমাকে জান; তুমি আমাকে দেখে থাক এবং তোমার প্রতি আমার ভক্তি কতখানি তা পরীক্ষা করে থাক। ভেড়ার মত কেটে ফেলবার জন্য তুমি তাদের টেনে নিয়ে যাও; জবাইয়ের দিনের জন্য তাদের আলাদা করে রাখ।
আর কত দিন দেশ শোক করবে এবং মাঠের ঘাস শুকনা হয়ে থাকবে? যারা সেখানে বাস করে তারা মন্দ বলে জীব-জানোয়ার আর পাখীরা সব ধ্বংস হয়ে গেছে। সেই লোকেরা বলছে, “আমাদের যা হবে তা সে দেখতে পাবে না।”
“মানুষের সংগে দৌড় প্রতিযোগিতায় যদি তুমি ক্লান্ত হয়ে পড় তবে ঘোড়াদের সংগে দৌড়ে তুমি কি করে পারবে? কেবল শান্তিপূর্ণ দেশে যদি তুমি নিজেকে নিরাপদ মনে কর তাহলে যর্দনের ধারের জংগলে তুমি কি করে থাকবে?
তোমার ভাইয়েরা, অর্থাৎ তোমার বংশের নিজের লোকেরা তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে; তারাও তোমার পিছনে লেগেছে। তোমার বিষয় ভাল কথা বললেও তাদের বিশ্বাস কোরো না।
আমার সম্পত্তি আমার কাছে অদ্ভূত রংয়ের শিকারী পাখীর মত হয়েছে, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘেরাও করে আক্রমণ করছে। তুমি গিয়ে সমস্ত বুনো পশুদের জড়ো করে নিয়ে এস যেন তারা খেতে পারে।
তারা বুনেছে গম কিন্তু কেটেছে কাঁটা; তারা কঠিন পরিশ্রম করেছে কিন্তু কিছুই পায় নি। সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধের দরুন তোমরা তোমাদের ফসল কাটবার লজ্জা বহন করেছ।”
সদাপ্রভু বলছেন, “আমি অধিকার হিসাবে যে জায়গা আমার লোকদের দিয়েছি আমার সমস্ত দুষ্ট প্রতিবেশীরা তাতে হানা দিয়েছে। সেইজন্য আমি তাদের দেশ থেকে তাদের উপ্ড়ে ফেলব এবং তাদের মধ্য থেকে যিহূদার লোকদের তুলে আনব।
যদিও তারা একদিন আমার লোকদের বাল দেবতার নামে শপথ করতে শিখিয়েছিল তবুও যদি তারা আমার লোকদের পথে চলে এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে আমার নামে শপথ করে, তবে তারা আমার লোকদের মধ্যে থেকে আশীর্বাদ পাবে।