×

Kitabul Mukkadas

ইয়ারমিয়া ১৬

1
তারপর মাবুদ আমাকে বললেন,
2
“তুমি এই জায়গায় বিয়ে কোরো না এবং ছেলেমেয়েরও জন্ম দিয়ো না,
3
কারণ আমি মাবুদ বলছি যে, এই জায়গায় জন্ম হওয়া ছেলেমেয়েরা, তাদের মায়েরা এবং তাদের বাবারা ভীষণ রোগে মারা যাবে। কেউ তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের দাফনও করবে না কিন্তু তারা গোবরের মত মাটিতে পড়ে থাকবে। তারা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হবে এবং তাদের লাশ আকাশের পাখীদের ও বনের পশুদের খাবার হবে।
4
5
“যে বাড়ীতে লোকে শোক করে সেই বাড়ীতে ঢুকো না; বিলাপ করতে বা তাদের দুঃখে দুঃখিত হতে সেখানে যেয়ো না, কারণ এই লোকদের থেকে আমি আমার শান্তি, অটল মহব্বত ও মমতা তুলে নিয়েছি।
6
এই দেশে ছোট-বড় সবাই মারা যাবে। কেউ তাদের দাফনও করবে না, তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের জন্য নিজের শরীরে কাটাকাটিও করবে না, নিজের মাথাও কামাবে না।
7
যারা সেই মৃতদের জন্য বিলাপ করে, এমন কি, বাবা বা মায়ের জন্য বিলাপ করে তাদের সান্ত্বনা দেবার জন্য কেউ খাবারও দেবে না বা পানীয়ও দেবে না।
8
“মেজবানীর বাড়ীতে গিয়ে খাওয়া-দাওয়া করতে বোসো না,
9
কারণ আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমি এই জায়গার লোকদের চোখের সামনে ও তাদের জীবনকালেই আমোদ ও আনন্দের শব্দ এবং বর ও কনের গলার আওয়াজ বন্ধ করে দেব।
10
“এই লোকদের কাছে এই সব কথা বললে পর তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘মাবুদ আমাদের বিরুদ্ধে এমন বিপদের কথা বলেছেন কেন? আমরা কি করেছি? আমাদের মাবুদ আল্লাহ্‌র বিরুদ্ধে আমরা কি গুনাহ্‌ করেছি?’
11
তখন তুমি তাদের বলবে যে, মাবুদ বলছেন, ‘এর কারণ হল তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে এবং দেব-দেবীদের পিছনে গিয়ে তাদের এবাদত ও পূজা করেছে। তারা আমাকে ত্যাগ করেছে এবং আমার শরীয়ত অমান্য করেছে।
12
কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও খারাপভাবে চলেছ। দেখ, তোমরা প্রত্যেকে আমার কথামত না চলে কিভাবে তোমাদের খারাপ দিলের একগুঁয়েমিতে চলেছ।
13
কাজেই আমি এই দেশ থেকে তোমাদের এমন একটা দেশে ছুঁড়ে ফেলে দেব যে দেশের কথা তোমরাও জান না, তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। সেখানে তোমরা দিনরাত দেব-দেবীর এবাদত করবে, কারণ আমি তোমাদের কোন দয়া দেখাব না।’ ”
14
মাবুদ বলছেন, “এমন দিন আসছে যখন লোকে আর বলবে না, ‘যিনি বনি-ইসরাইলদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন সেই আল্লাহ্‌র কসম,’
15
বরং তারা বলবে, ‘যিনি উত্তর দেশে ও অন্যান্য দেশে বনি-ইসরাইলদের দূর করে দিয়েছিলেন ও সেখান থেকে বের করে এনেছেন সেই আল্লাহ্‌র কসম।’ তারা এই কথা বলবে, কারণ যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশেই তাদের ফিরিয়ে আনব।
16
“কিন্তু এখন আমি অনেক জেলেকে ডেকে পাঠাব আর তারা তাদের মাছের মত ধরবে। তারপর আমি অনেক শিকারীকে ডেকে পাঠাব আর তারা প্রত্যেক বড় ও ছোট পাহাড় ও পাথরের ফাটল থেকে তাদের শিকার করে আনবে।
17
তাদের সব চলাফেরার উপর আমার চোখ রয়েছে; তারা আমার চোখ থেকে লুকানো নেই এবং তাদের গুনাহ্‌ও আমার কাছ থেকে গোপন নয়।
18
তাদের দুষ্টতা ও গুনাহের জন্য আমি তাদের দুই গুণ ফল দেব, কারণ তারা আমার দেশকে নাপাক করেছে এবং তাদের জঘন্য মূর্তি ও প্রতিমা দিয়ে আমার সেই অধিকারকে পূর্ণ করেছে।”
19
হে মাবুদ, আমার শক্তি, আমার কেল্লা, আমার কষ্টের সময়কার আশ্রয়, দুনিয়ার শেষ সীমা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে, “আমাদের পূর্বপুরুষেরা এমন সব মিথ্যা দেব-দেবী ও অপদার্থ মূর্তির অধিকারী ছিল যা দিয়ে তাদের কোন লাভ হয় নি।
20
লোকে কি নিজেদের জন্য দেব-দেবী তৈরী করতে পারে? যদিও বা তা করে সেগুলো তো আল্লাহ্‌ নয়।”
21
মাবুদ বলছেন, “সেইজন্য এইবার আমি বনি-ইসরাইলদের আমার ক্ষমতা ও শক্তি দেখিয়ে শিক্ষা দেব। তখন তারা জানতে পারবে যে, আমার নাম মাবুদ।”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন