সেই সময় ইস্রায়েলীয়েরা বলেছিল যে, সদাপ্রভু দূর থেকে তাদের দেখা দিয়েছিলেন। তখন সদাপ্রভু তাদের বলেছিলেন, “অশেষ ভালবাসা দিয়ে আমি তোমাদের ভালবেসেছি; অটল ভালবাসা দিয়ে আমি তোমাদের কাছে টেনেছি।”
সদাপ্রভু বলছেন, “তোমরা যাকোবের জন্য খুশী মনে গান কর; সবচেয়ে সেরা জাতির জন্য আনন্দধ্বনি কর। তোমরা প্রশংসা করে বল, ‘হে সদাপ্রভু, তোমার লোকদের, ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের উদ্ধার কর।’
দেখ, আমি উত্তরের দেশ থেকে ইস্রায়েলীয়দের নিয়ে আসব আর পৃথিবীর শেষ সীমা থেকে তাদের জড়ো করব। তাদের মধ্যে থাকবে অন্ধ, খোঁড়া, গর্ভবতী মা এবং প্রসব ব্যথা ওঠা স্ত্রীলোক; মস্ত বড় একটা দল ফিরে আসবে।
তারা কাঁদতে কাঁদতে আসবে; আমি যখন তাদের ফিরিয়ে আনব তখন তারা প্রার্থনা করতে করতে আসবে। সমান পথ দিয়ে আমি জলের স্রোতের কাছে তাদের চালিয়ে নিয়ে আসব; সেখানে তারা উছোট খাবে না, কারণ আমি ইস্রায়েলের, অর্থাৎ ইফ্রয়িমের পিতা আর সে আমার প্র্রথম সন্তান।
“হে জাতিরা, আমার বাক্য শোন; তোমরা দূরের দেশগুলোতে এই কথা ঘোষণা কর, ‘যিনি ইস্রায়েলকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি তাদের জড়ো করবেন এবং রাখালের মত করে তাঁর পাল রক্ষা করবেন।’
তারা এসে সিয়োনের উঁচু জায়গায় আনন্দধ্বনি করবে; আমার দেওয়া প্রচুর শস্য, নতুন আংগুর-রস, তেল, ভেড়া ও গরুর পালের বাচ্চা পেয়ে তারা আনন্দ করবে। তারা হবে ভাল করে জল দেওয়া বাগানের মত; তারা আর দুর্বল হবে না।
“আমি অবশ্যই ইফ্রয়িমের এই কাতর স্বর শুনেছি, ‘তুমি আমাকে অবাধ্য বাছুরের মত করে শাসন করেছ, আর তার ফলে আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কারণ তুমিই আমার ঈশ্বর সদাপ্রভু।
আমি বিপথে যাওয়ার পর দুঃখিত হয়ে ফিরলাম, বুঝতে পেরে বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমানিত বোধ করলাম, কারণ আমার যুবা বয়সের পাপের জন্য আমাকে অসম্মানিত হতে হয়েছে।’
ইফ্রয়িম কি আমার প্রিয় পুত্র নয়? সে কি সেই সন্তান নয় যাকে দেখে আমি খুশী হই? যদিও আমি প্রায়ই তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু তবুও আমি তাকে সব সময় মনে রাখি। সেইজন্যই আমার প্রাণ তার জন্য কাঁদে; তার জন্য আমার খুব মমতা আছে।
“তোমরা রাস্তায় রাস্তায় পথ নির্দেশ-করা চিহ্ন দাও ও খুঁটি স্থাপন কর। যে পথে তুমি গিয়েছিলে সেই রাজপথের কথা মনে রাখ। হে কুমারী ইস্রায়েল, ফিরে এস, তোমার সব শহরে তুমি ফিরে এস।
ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “আমি যখন বন্দীদশা থেকে লোকদের ফিরিয়ে আনব তখন যিহূদা দেশ ও তার শহরগুলোর লোকেরা আবার বলবে, ‘হে সততাপূর্ণ বাসস্থান, হে পবিত্র পাহাড়, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’
আমি যেমন করে তাদের উপ্ড়ে, ভেংগে ও ছুঁড়ে ফেলবার দিকে এবং তাদের উপর ধ্বংস ও বিপদ আনবার দিকে খেয়াল রেখেছিলাম তেমনি করে তাদের গড়ে তুলবার ও চারার মত লাগিয়ে দেবার দিকেও খেয়াল রাখব।
মিসর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের আমি হাত ধরে বের করে আনবার সময় তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলাম এই নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার মত হবে না। আমি যদিও তাদের স্বামীর মত ছিলাম তবুও তারা আমার ব্যবস্থা ভেংগেছিল।
পরে আমি ইস্রায়েলীয়দের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার আইন-কানুন আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের অন্তরেও তা লিখে রাখব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমারই লোক হবে।
নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে কেউ এই বলে আর কখনও শিক্ষা দেবে না, ‘সদাপ্রভুকে চিনতে শেখ,’ কারণ সবাই আমাকে চিনবে। সেইজন্য আমি তাদের অন্যায় ক্ষমা করব, তাদের পাপ আর কখনও মনে রাখব না। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
যিনি দিনের বেলা সূর্যকে আর রাতের বেলা চাঁদ ও তারাকে আলো দেবার জন্য হুকুম দেন, যিনি সমুদ্রকে তোলপাড় করেন যাতে তার ঢেউগুলো গর্জন করে, যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু,
যদি উপরের মহাকাশকে মাপা যায় এবং নীচে পৃথিবীর ভিত্তি খুঁজে পাওয়া যায় তবে ইস্রায়েলীয়েরা যা করেছে তার জন্য আমি তাদের অগ্রাহ্য করতে পারি। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
গোটা উপত্যকাটা যেখানে মৃতদেহ ও ছাই ফেলা হয় এবং পূর্ব দিকে ঘোড়া-ফটকের কোণা পর্যন্ত কিদ্রোণ উপত্যকার সমস্ত মাঠ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা হবে। শহরটাকে আর কখনও উপ্ড়ে ফেলা বা ধ্বংস করা হবে না।”