হিগদলিয়ের পুত্র নবী হাননের শিষ্যদের ঘরে আমি তাদের নিয়ে গেলাম, যে ঘরটি ছিল শাল্লুমের পুত্র মাসেয়ার ঘরের উপরে এবং অন্যান্য কর্মচারীদের ঘরের পাশে। মাসেয়া ছিল মন্দিরের গুরুত্বপূর্ম পদের অধিকারী।
তিনি আমাদের গৃহনির্মাণ বা কৃষিকাজ বা দ্রাক্ষাক্ষেত্র ক্রয় করতে নিষেধ করেছেন। তিনি আমাদের সর্বদা তাঁবুতে বাস করতে বলেছেন, যেন আমরা যেখানেই থাকি না কেন, সেখানে বিদেশী আগন্তুকদের মত বাস করি।
আমরা বাসগৃহ নির্মাণ করি না, তাঁবুতে বাস করি, এবং আমাদের কোনও দ্রাক্ষাক্ষেত্র বা কৃষির জন্য ক্ষেত-খামার অথবা শস্যাদিও নেই। আমাদের পিতৃপুরুষ যিহোনাদবের আদেশ আমরা সম্পূর্ণভাবে পালন করে চলেছি।
কিন্তু রাজা নেবুকাডনেজার যখন দেশ আক্রমণ করলেন, তখন আমরা ব্যাবিলনীয় ও সিরীয় সৈন্যদের হাত এড়াবার জন্য জেরুশালেমে আসার সিদ্ধান্ত নিলাম। এই কারণেই আমরা এখন জেরুশালেমে বাস করছি।
তখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, আমাকে যিহুদীয়া ও জেরুশালেমের লোকদের কাছে গিয়ে বলতে বললেন, আমি প্রভু পরমেশ্বর তোমাদের কাছে জানতে চাই, আমার কথা শুনতে তোমাদের কিসের আপত্তি এবং আমার নির্দেশ পালনে তোমাদের কেন এত অনীহা?
আমি আমার সেবক নবীদের একাদিক্রমে পাঠিয়েছি তোমাদের কাছে, যারা তোমাদের মন্দ পথ পরিহার করে সঠিক পথে চলার ও সঠিক কাজ করার কথা বলেছে, নিষেধ করেছে অন্যান্য অলীক দেবতার সেবা ও পূজা করতে যাতে তোমাদের পিতৃপুরুষদের আমি যে দেশ দিয়েছিলাম, সেই দেশে তোমরা বসবাস করতে পার। কিন্তু তোমরা আমার কথা শুনলে না, গ্রাহ্যই করলে না কোনও কথা।
তাই এখন, আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি যিহুদীয়া এবং জেরুশালেমের মানুষের উপরে সর্বপ্রকার ধ্বংসাত্মক বিপর্যয় আনব। আমি অবশ্যই এ সবই ঘটাব, কারণ তোমরা আমার কথা শোননি এবং সাড়া দাও নি আমার ডাকে।
তখন আমি রেখবীয় গোষ্ঠীর লোকদের কাছে বললাম, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন, তোমাদের পিতৃপুরুষ যিহোনাদবের আদেশ তোমরা পালন করেছ, তার সমস্ত নির্দেশানুযায়ী চলেছ এবং তারই আদেশমত সব কিছুই করেছ তোমরা।
তাই আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, রেখবের পুত্রর যিহোনাদবের বংশে আমাকে সেবা করার জন্য কখনও লোকের অভাব হবে না।