হে জেরুশালেমবাসী, রাস্তায় বেরিয়ে পড়,পথে পথে দৌড়াও, খোঁজ চারিদিকে। বাজারে চাঁদনীচকে খুঁজে দেখ, এমন কাউকে পাও কি না, যে ন্যায্য কাজ করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করে। যদি তেমন কাউকে খুঁজে বার করতে পার, তাহলে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে মার্জনা করবেন।
প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা, তিনি আঘাত করলেন তোমাদের, তবু তোমরা গ্রাহ্য করলে না। তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের। চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।
আমি ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে যাব, এ কথা বলব তাদের সকলের কাছে। তারা নিশ্চয় জানে ঈশ্বরের নির্দেশ কি, জানে প্রভু পরমেশ্বর কী চান তাদের কাছে, কিন্তু তারা সকলে অস্বীকার করল ঈশ্বরের কর্তৃত্ব, চাইল না তাঁর বাধ্য থাকতে।
সেইজন্যই অরণ্যের সিংহ হত্যা করবে তাদের, মরুভূমির নেকড়ের দল তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে, তাদের শহরগুলিতে হানা দেবে চিতাবাঘ, ঘরের বাইরে বার হলেই ঐ পশুরা তাদের ছিঁড়ে ফেলবে, কারণ অসংখ্য তাদের পাপ, বার বার তারা দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে।
প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব? তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা। সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি। কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে।
আমার প্রজাদের দ্রাক্ষাবন কেটে ফেলার জন্য পাঠাব শত্রুদল, কিন্তু ধ্বংস করব না সম্পূর্ণভাবে। আমি তাদের বলব ছেঁটে দিতে দ্রাক্ষালতার শাখাগুলি, কারণ ঐ শাখাগুলি আমার নয়
প্রভু পরমেশ্বরের প্রজারা তাঁকে অস্বীকার করেছে। তারা বলেছে, সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না। আমাদের জীবনে দুর্দিন আসবে না। যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না।
প্রবক্তা ঋষিরা বাতাসভরা ফানুস ছাড়া আর কিছুই নয়, ওরা প্রভু পরমেশ্বরের কাছ থেকে কোনও বার্তাই পায়নি। সর্বশক্তিমান প্রভু আমাকে বলেছেন, যিরমিয়, যেহেতু এই লোকেরা এই ধরণের কথা বলেছে, সেইহেতু আমি তোমার মুখে অগ্নিময় ভাষা দেব। সেই আগুনে ঐ সব লোকেরা কাঠের মত পুড়ে যাবে।
তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্নছ্ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।
তারা যখন জিজ্ঞাসা করবে, কেন আমি তাদের এই অবস্থা করেছি, তখন তুমি তাদের বলবে, যেহেতু তারা আমাকে পরিত্যাগ করে নিজেদের দেশে বিদেশীদের পূজিত দেবতাদের আরাধনা করেছে, সেই হেতু যদিও সে দেশ তাদের নয়, কিন্তু সেই দেশে তারা বিদেশীদের দাসত্ব করবে।
আমি প্রভু পরমেশ্বর, কেন তোমরা আমাকে সম্ভ্রম কর না? কেন কম্পিত হও না আমার সম্মুখে? আমিই বালুকারাশি দিয়ে সমুদ্রের সীমানা বেঁধে দিয়েছি, চিরস্থায়ী সেই সীমা, সমুদ্র কখনও তা পার হয়ে আসতে পারবে না। সমুদ্র বিক্ষুব্ধ উত্তাল হবে, কিন্তু অতিক্রম করতে পারবে না তার সীমা। তার তরঙ্গ গর্জন করবে, কিন্তু ভাঙ্গতে পারবে না তার সীমানার বাঁধ।
তোমরা কখনও আমাকে সম্ভ্রম করার কথা ভাবতে পারনি। প্রতি বছর আমি হেমন্ত ও বসন্তকালে বর্ষা পাঠিয়েছি, এনে দিয়েছি ফসল কাটার মরশুম, তবুও এ সব কথা তোমাদের মনে পড়ে না।
পাখিধরারা যেমন পাখি ধরার পর খাঁচা ভর্তি করে নিয়ে যায়, এরাও তেমনি অপরের জিনিস লুটপাট করে। লুণ্ঠিত দ্রব্যে পূর্ণ করে নিজেদের আবাস। এই জন্যেই তারা হবে ধনী, হৃষ্টপুষ্ট ও শক্তিমান,