সদাপ্রভু বলছেন, “তোমরা যিরূশালেমের রাস্তাগুলোর এ মাথা থেকে ও মাথায় যাও আর চারপাশে তাকিয়ে দেখ। সেখানকার শহর-চকগুলোতে গিয়ে খোঁজ নাও। দেখ, যদি এমন কাউকে পাও যে ন্যায়ভাবে এবং সৎভাবে চলে তাহলে আমি এই শহরকে ক্ষমা করে দেব।
হে সদাপ্রভু, তুমি কি সত্য দেখতে চাও না? তুমি তাদের আঘাত করলেও তারা ব্যথা বোধ করে নি; তুমি তাদের চুরমার করলেও তারা সংশোধন অগ্রাহ্য করেছে। তাদের মুখ তারা পাথরের চেয়েও শক্ত করে মন ফিরাতে অস্বীকার করেছে।
কাজেই আমি নেতাদের কাছে গিয়ে তাদের সংগে কথা বলব; নিশ্চয়ই তারা সদাপ্রভুর পথ ও তাদের ঈশ্বরের নিয়ম-কানুন জানে।” কিন্তু তারাও একসংগে জোয়াল ভেংগে বাঁধন ছিড়ে ফেলেছে।
সেইজন্য বন থেকে একটা সিংহ এসে তাদের মেরে ফেলবে। মরু-এলাকার একটা নেকড়ে বাঘ তাদের ধ্বংস করবে এবং তাদের শহরগুলোর কাছে একটা চিতাবাঘ ওৎ পেতে থাকবে। যদি কেউ সেখান থেকে বের হয়ে আসে তবে সে টুকরা টুকরা হয়ে যাবে, কারণ তাদের পাপ ভীষণ ও তাদের বিপথে যাওয়ার ঘটনা অনেক।
সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, কেন আমি তোমাকে ক্ষমা করব? তোমার ছেলেমেয়েরা আমাকে ত্যাগ করেছে এবং যারা ঈশ্বর নয় তাদের নামে শপথ করেছে। আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি, তবুও তারা ব্যভিচার করেছে এবং দলে দলে বেশ্যাদের বাড়ীতে গিয়েছে।
“হে জাতিরা, তোমরা যিরূশালেমের আংগুর ক্ষেতগুলোতে গিয়ে সেগুলো ধ্বংস কর কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট কোরো না। তার ডালপালাগুলো কেটে ফেল, কারণ এই লোকেরা সদাপ্রভুর নয়।
কাজেই সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, “লোকেরা এই কথা বলেছে বলে তোমার মুখে আমার কথাগুলো আগুনের মত করব আর এই লোকদের করব কাঠের মত; সেই আগুন তা পুড়িয়ে দেবে।”
সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েলীয়েরা, আমি তোমাদের বিরুদ্ধে দূর থেকে এক জাতিকে নিয়ে আসব। সে একটা পুরানো ও টিকে থাকা জাতি; সেই লোকদের ভাষা তোমরা জানবে না ও তাদের কথা তোমরা বুঝবে না।
তারা তোমাদের ফসল ও খাবার গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের ছেলেমেয়েদের; তারা তোমাদের গরু-ভেড়ার পাল গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের সব আংগুর ও ডুমুর গাছ। যে দেয়াল-ঘেরা শহরের উপর তোমরা নির্ভর করছ তা তারা যুদ্ধ করে ধ্বংস করে দেবে।”
যখন লোকে জিজ্ঞাসা করবে, ‘আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রতি এই সব কেন করলেন?’ তখন তুমি তাদের বলবে, ‘যেমন তোমরা আমাকে ত্যাগ করে তোমাদের দেশে দেব-দেবতার সেবা করেছ তেমনি যে দেশ তোমাদের নিজেদের নয় সেই দেশে গিয়ে এখন তোমরা বিদেশীদের সেবা করবে।’ ”
তোমরা কি আমাকে ভয় করবে না? আমার সামনে কি তোমরা কাঁপবে না? আমিই একটা চিরস্থায়ী বাধা হিসাবে বালু দিয়ে সমুদ্রের সীমা ঠিক করেছি, যাতে সমুদ্র তা পার হতে না পারে। তার ঢেউগুলো গড়িয়ে আসলেও তা সফল হতে পারে না; তা গর্জন করলেও পার হয়ে যেতে পারে না।
তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভক্তিপূর্ণ ভয় করে চলি, যিনি সময়মত শরৎ ও বসন্তকালে বৃষ্টি দেন, যিনি আমাদের জন্য ফসল কাটবার নিয়মিত সময় রক্ষা করেন।’
তারা মোটা ও তেল্তেলে হয়েছে। তাদের মন্দ কাজের সীমা নেই; অনাথেরা যাতে ন্যায়বিচার পায় সেইজন্য তারা তাদের পক্ষে দাঁড়ায় না এবং তারা গরীবদের অধিকারও রক্ষা করে না।