মরুভূমির মাঝে আমার যদি একটা ছোট্ট বাড়ি থাকতো, যেখানে পথিক ক্লান্ত হয়ে রাত কাটায়, তাহলে আমি আমার লোকদের ত্যাগ করতে পারতাম| তাদের কাছ থেকে সরে যেতে পারতাম| কারণ তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়, তারা প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে|
“জিহবা হল তাদের ধনুকের মতো| আর সেখান থেকে তীরের মতো উড়ে আসে এক রাশি মিথ্যে| এই দেশের সত্য নয়, চারিদিকে কেবল মিথ্যেরই জয়জয়কার| এখানকার লোকরা একটা পাপ থেকে আরেক পাপের পথে হেঁটেছে| তারা আমাকে জানে না|” প্রভু এই কথাগুলি বললেন|
প্রত্যেকে তার প্রতিবেশীকে মিথ্যে বলে| কেউ সত্যি কথা বলে না| যিহূদার লোকরা শুধু মিথ্যেই বলতে শিখেছে| যতক্ষণ না তারা খুব ক্লান্ত হয়ে ফিরে এলো ততক্ষণ তারা পাপাচার চালিয়ে গিয়েছিল|
সুতরাং প্রভু সর্বশক্তিমান বললেন: “খাঁটি ধাতু কি না তা বোঝার জন্য একজন শ্রমিক আগুনে গালিয়ে দেখে| যেহেতু আমার আর অন্য কোন বিকল্প নেই তাই আমি যিহূদার লোকদের এই ভাবেই পরীক্ষা করব| আমার লোকরা পাপ করেছে|
তীক্ষ্ণ তীরের ফলার মতো তাদের জিহবা| তা থেকে শুধু মিথ্যেই উচ্চারিত হয়| প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে বন্ধুভাবে কথা বলে, কিন্তু সে গোপনে তাকে আঘাত করবার পরিকল্পনা করে|
আমি (যিরমিয়) পাহাড়দের জন্য আর্ত চিৎকার করে উঠবো| শূন্য জমির জন্য শোকের গান গাইব| কারণ জীবিত সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে| কোন মানুষ এখন সেখানে হাঁটে না| কোন গবাদি পশুর আওয়াজ সেখানে শোনা যাবে না| পশু এবং পাখীরা দূরে কোথাও চলে গিয়েছে|
এই জিনিসগুলি বোঝার মতো কোন যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছে কি? প্রভুর দ্বারা শিক্ষণপ্রাপ্ত এমন কিছু লোক আছে কি যারা প্রভুর বার্তা ব্যাখ্যা করতে পারবে? কেন সেই দেশটি ধ্বংস হয়ে গেল? কেন তা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছিল? সেখানে কোন মানুষ কেন যেতে পারে না?
প্রভু প্রশ্নগুলির উত্তর দিয়েছেন| প্রভু বলেছেন, “এসবগুলো ঘটেছে কারণ যিহূদার লোকরা আমার শিক্ষামালা অনুসরণ করা ছেড়ে দিয়েছিল| আমি তাদের শিক্ষামালা দিয়েছিলাম| কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল| তারা আমার শিক্ষামালাকে অনুসরণ করেনি|
অন্য সমস্ত দেশে আমি যিহূদার লোকদের ছড়িয়ে দেব| অদ্ভুত দেশগুলিতে তারা বাস করবে| তারা এবং তাদের পিতারা কখনোই ঐ সব দেশের কথা শোনেনি বা জানে না| আমি লোকদের তরবারি হাতে পাঠাবো| তারা যিহূদার সব লোকদের হত্যা করবে|”
সর্বশক্তিমান প্রভু বলেন: “এখন এইগুলি নিয়ে ভাবো! অন্ত্যেষ্টি ক্রিয়ায় কাঁদার জন্য ভাড়াটে মহিলাদের ডাকো (রুদালি)| যে মহিলারা ভালো কাঁদতে পারে তাদের পাঠাও|
“সিয়োন থেকে চিৎকার করে কান্নার শব্দ শোনা যাচ্ছে| ‘আমরা সত্যিই ধ্বংস হয়ে গিয়েছি! আমরা সত্যিই লজ্জিত! আমাদের দেশ ছেড়ে আমাদের চলে যেতেই হবে| কারণ ঘরবাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে|’”
“মৃত্যু এসেছে| প্রতিটি ঘরের জানালা দিয়ে মৃত্যু ভেতরে এসেছে| মৃত্যু আমাদের প্রাসাদগুলিতে এসেছে| মৃত্যু এসেছে রাস্তায় খেলতে থাকা আমাদের সন্তানদের কাছে| মৃত্যু এসেছে যুবকদের প্রকাশ্য সমাবেশে|”
যিরমিয়, এই কথা বল: “প্রভু বলেন, ‘গোবরের মতো মৃতদেহগুলি মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকবে| চাষীদের কাটা শস্যের মতো মাটিতে পড়ে থাকবে মৃতদেহ| কিন্তু কেউ তাদের একত্রিত করবে না|’”
প্রভু বলেন, “বিজ্ঞ ব্যক্তিদের তাদের জ্ঞানের বড়াই করা উচিৎ নয়| শক্তিশালী ব্যক্তিদের তাদের শক্তির বড়াই করা উচিৎ নয়| ধনী ব্যক্তিদের তাদের ধন নিয়ে বড়াই করা উচিৎ নয়|
কিন্তু যদি কেউ বড়াই করতে চায় তাহলে তাদের এগুলির জন্য বড়াই করতে দাও: যে সে আমাকে জানতে শিখেছে তা নিয়ে সে বড়াই করুক| তাকে বড়াই করতে দাও যে সে বোঝে যে আমি প্রভু, আমি দয়ালু এবং ন্যায়নিষ্ঠ এবং আমিই পৃথিবীতে ভালো কাজ করি| ওগুলিকে আমি ভালোবাসি|” এই হল প্রভুর বার্তা|
আমি মিসু যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এই সমস্ত দেশগুলির লোক এবং মরুভূমিতে বাস করা লোকদের কথা বলছি| ঐ সব দেশগুলির লোকরা শরীরে সত্যিকারের সুন্নৎ করেনি| আর ইস্রায়েলের পরিবারবর্গের লোকরা তাদের হৃদয়ের সুন্নৎ করেনি|”