প্রভু পরমেশ্বর নিদারুণ ক্রোধে সিয়োন কন্যাকে ঘন মেঘের অন্ধকারে করেছেন আচ্ছন্ন, স্বর্গ থেকে নিক্ষিপ্ত করেছেন তিনি ইসরায়েলের ঐশ্বর্য বৈভব সেই দুরন্ত ক্রোধের দিনে স্মরণে আনেন নি তিনি তাঁর পাদ পীঠখানি।
যিহুদীয়া নগরীর প্রতিটি গ্রাম বিনষ্ট করেছেন প্রভু পরমেশ্বর দুঃসহ নির্মম ক্রোধে, চুর্ণ করেছেন সুরক্ষিত দুর্গগুলি। ইসরায়েলের রাজ্য ও শাসককুলকে করেছেন ভূলুন্ঠিত চরম অসম্মানে।
প্রজ্বলিত রোষে ইসরায়েলের শক্তি করেছেন হরণ, শত্রু সম্মুখে যখন, তিনি তখন বিরূপ, বিমুখ সাহায্য দানে। আগুনের শিখার মত জ্বলন্ত ক্রোধে তিনি ভস্মীভূত করেছেন চারিদিক।
স্বয়ং ঈশ্বর আজ আমাদের বিপক্ষে, শত্রুর মত আমাদের তিনি করেছেন তাঁর ধনুর্বাণের লক্ষ্য। সিয়োনকন্যার শিবিরে নয়নরঞ্জন ছিল যারা, যারা ছিল আমাদের গর্বের ও আনন্দের ধন, তাদের তিনি করেছেন নিধন স্বহস্তে। তাঁর রোষবহ্নি জেরুশালেমের উপর হয়েছে বর্ষিত, যা মর্মে মর্মে অনুভব করেছে নগরবাসী।
শত্রুর মত প্রবল আক্রোশে প্রভু পরমেশ্বর ধ্বংস করেছেন ইসরায়েলকুল, দুর্গ ও প্রাসাদরাজি ধ্বংসস্তূপে হয়েছে পরিণত, যিহুদীয়া নগরীর জনগণ নিমগ্ন হয়েছে সীমাহীন শোকের সাগরে। এখন ক্রন্দন ও বিলাপ তাদের চিরসঙ্গী।
যে পবিত্র স্থানে তাঁর আরাধনা হত, তিনি করেছেন চূর্ণ সেই পুণ্যবেদী নির্দিষ্ট পবিত্র উৎসবের দিন আর ‘সাব্বাথ’ দিনগুলির ঘটিয়েছেন তিনি পরিসমাপ্তি। রাজা ও পুরোহিত ক্রোধাগ্নিতে তাঁর দগ্ধ সমভাবে।
প্রভু পরমেশ্বর তাঁর মন্দিরের বেদী পরিত্যাগ করেছেন নিতান্ত অবজ্ঞায়, সে স্থান আজ জনশূন্য মানুষের পায়ের চিহ্ন পড়ে না সেখানে। সিয়োনের প্রাচীর ভেঙ্গে ফেলার অধিকার তুলে দিয়েছেন তিনি শত্রুদের হাতে। সেখানে শত্রুদল মুখর জয়োল্লাসে, যেখানে একদিন আমরা পরমানন্দে করতাম তাঁর আরাধনা।
নগরীর তোরণদ্বার পরিণত প্রস্তর স্তূপে, দ্বারের অর্গল আজ খণ্ড-বিখণ্ড রাজারা ও রাজপুরুষেরা এখন নির্বাসনে। বিধান ও অনুশাসন কেউ আর শোখায় না সেখানে, নবীরাও পায় না আর দিব্য দর্শন।
কেঁদে কেঁদে নয়ন আমার হয়েছে সারা, হৃদয় আমার মগ্ন বিষাদে, স্বজনের এই চরম বিনাশে দুঃখে ও শোকে বিদীর্ণ হয়েছি আমি। দুগ্ধপোষ্য শিশু সন্তানেরা মূর্ছিতপ্রায় নগরীর পথে পথে।
জেরুশালেম! আমার প্রিয়তমা সিয়োন-নন্দিনী, কি ভাবে দেব প্রবোধ তোমায়? কেমনে বা দিই সান্ত্বনা! এত দুঃখ কোথাও পেয়েছে কি কেউ? এই দুর্দশা তোমার সীমাহীন সাগরের মত, এতটুকু আশার আলো নেই কোথাও।
তোমরা নবীরা মিথ্যা বই সত্য বলে নি, প্রতারণা করেছে ভুল শিক্ষা দিয়ে, পাপের স্বরূপ করেনি উদ্ঘাটন যাতে অনুতাপ আসে তোমার মনে। তোমাকে তারা পরিচালিত করেছে বিপথে।
ঘৃণায় তারা রক্তচক্ষু মেলে, ব্যঙ্গবাণে তাকে করে জর্জরিত, উৎকট উল্লাসে চীৎকার করে বলে, ‘আমরা ধ্বংস করেছি তাকে। তার সর্বনাশ দেখব বলে,এই দিনটিরই প্রতীক্ষায় ছিলাম আমরা।’
প্রভু পরমেশ্বরের উদ্দেশ্য আজ সিদ্ধ, পূর্ণ তাঁর মনোরথ, পূর্ব অভিপ্রায় মত আমাদের তিনি নির্মমভাবে বিনষ্ট করেছেন, শত্রুদল জয়ী আজ তাঁরই ইচ্ছায়, আমাদের পতনে উল্লসিত তারা।
তুমিই আমন্ত্রণ করে এনেছিলে শত্রুদলকে নারকীয় এক ভীষণ মৃত্যু-লীলায় মেতে উঠতে, সেদিন নিস্তার পায় নি কেউ। তোমার নিদারুণ কোপানল থেকে স্নেহে পালিত সন্তানেরা আমার নিহত হয়েছে শত্রুকুলের হাতে।