“হে মানুষের সন্তান, ইস্রায়েলের যে নবীরা এখন কথা বলছে তুমি তাদের বিরুদ্ধে নবী হিসাবে কথা বল। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বল যে, তারা যেন সদাপ্রভুর বাক্য শোনে।
আমার হাত সেই সব নবীদের বিরুদ্ধে উঠবে যারা মিথ্যা দর্শন দেখে ও মিথ্যা গোণা-পড়া করে। আমার লোকদের সমাজে তারা থাকবে না এবং ইস্রায়েলের বংশ-তালিকার মধ্যে তাদের নাম থাকবে না, আর ইস্রায়েল দেশেও তারা ফিরে আসতে পারবে না। তখন তোমরা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
“‘যখন কোন শান্তি নেই তখন নবীরা বলে যে, শান্তি আছে, আর এইভাবে তারা আমার লোকদের বিপথে নিয়ে গেছে। তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করেছে যা শক্ত নয়।
যে দেয়াল নবীরা চুনকাম করে ঢেকে দিয়েছিল তা আমি ভেংগে মাটির সংগে সমান করে দেব যাতে তার ভিত্তি খোলা পড়ে থাকে। সেটা ভেংগে পড়বার সময় তার তলায় তারাও ধ্বংস হয়ে যাবে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
সেই দেয়াল ও সেটাকে যারা চুনকাম করে ঢেকে দিয়েছে তাদের উপরে আমি আমার ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে দেব। আমি লোকদের বলব যে, সেই দেয়ালটাও নেই এবং যারা সেটা চুনকাম করেছিল,
অর্থাৎ ইস্রায়েলের সেই নবীরা যারা যিরূশালেমের লোকদের কাছে কথা বলেছিল এবং শান্তি না থাকলেও শান্তির দর্শন দেখেছিল তারাও নেই। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নবী হিসাবে নিজেদের মনগড়া কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও। তুমি তাদের বিরুদ্ধে এই কথা বল যে,
প্রভু সদাপ্রভু বলছেন, ‘ধিক্ স্ত্রীলোকেরা! তোমরা তো লোকদের হাতের জন্য তাবিজ এবং মাথা ঢাকবার জন্য বিভিন্ন মাপের কাপড় তৈরী কর যাতে তোমরা সেই লোকদের বশ করতে পার। তোমরা কি আমার লোকদের প্রাণ শিকার করছ আর নিজেদের প্রাণ রক্ষা করছ?
কয়েক মুঠা যব আর কয়েক টুকরা রুটির জন্য তোমরা আমার লোকদের সামনে আমাকে অসম্মানিত করেছ। আমার লোকেরা, যারা মিথ্যা কথা শোনে, তোমরা তাদের কাছে মিথ্যা কথা বলে যারা মরবার উপযুক্ত নয় তাদের মেরে ফেলেছ এবং যারা বাঁচবার উপযুক্ত নয় তাদের বাঁচিয়ে রেখেছ।
“‘সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা যে তাবিজ দিয়ে পাখীর মত করে লোকদের ধর আমি তার বিপক্ষে। তোমাদের হাত থেকে আমি সেগুলো ছিঁড়ে ফেলে দেব। পাখীর মত করে যে লোকদের তোমরা ধর তাদের আমি ছেড়ে দেব।
তোমাদের মাথা ঢাকবার কাপড়গুলো আমি ছিঁড়ে ফেলে তোমাদের হাত থেকে আমার লোকদের উদ্ধার করব; তারা আর তোমাদের হাতে শিকারের মত ধরা পড়বে না। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।