আর যখন, তারা তোমাকে জিজ্ঞাসা করবে, ‘কেন দীর্ঘনিশ্বাস ত্যাগ করছো?’ তখন বল, বার্তার নিমিত্ত, কেননা তা আসছে; তখন প্রত্যেকটি হৃদয় গলে যাবে, প্রত্যেকটি হাত দুর্বল হবে, প্রত্যেকটি মন নিস্তেজ হবে ও প্রত্যেকটি জানু পানির মত হয়ে পড়বে; দেখ, তা আসছে, তা সফলও হবে, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
হে মানুষের সন্তান, কান্নাকাটি কর ও হাহাকার কর, কেননা সেটা আমার লোকদের বিরুদ্ধে, ওটা ইসরাইলের সমস্ত নেতার বিরুদ্ধে উপস্থিত হয়েছে; আমার লোকদের সঙ্গে তাদেরও তলোয়ারের হাতে তুলে দেওয়া হয়েছে; অতএব তুমি তোমার ঊরুদেশে আঘাত কর।
অতএব, হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল ও করে করাঘাত কর; সেই তলোয়ার, আহত লোকদের তলোয়ার, দু’টি বরং তিনটি তলোয়ার হয়ে উঠুক; এই তলোয়ার জবেহ্ করার জন্য, অনেককে জবেহ্ করার জন্যই একটা তলোয়ার; তা চারদিকে তাদেরকে ঘেরাও করবে।
আমি তাদের সমস্ত নগর-দ্বারে তলোয়ারের ত্রাস রাখলাম, যেন তাদের অন্তঃকরণ গলে যায় ও তাদের অনেকের পতন হয়। আঃ! তা বিদ্যুতের মত চম্কায়, তা হত্যার জন্য শাণিত হয়েছে।
হে মানুষের সন্তান, ব্যাবিলনের বাদশাহ্র তলোয়ার আসবে বলে তুমি দুই পথ আঁক; সেই দুই পথ একটি দেশ থেকে আসবে; আর তুমি হস্তাকৃতি একটি চিহ্ন খোদাই কর, নগরগামী পথের মাথায় তা খোদাই কর।
কেননা ব্যাবিলনের বাদশাহ্ গণাপড়ার জন্য দুই পথের সঙ্গমস্থানে, অর্থাৎ সেই দুই পথের মাথায়, দণ্ডায়মান হল; সে গুলিবাট সহকারে তীর নিক্ষেপ করলো, মূর্তিগুলোর কাছে অনুসন্ধান করলো ও যকৃৎ নিরীক্ষণ করলো।
তার ডান দিকে গুলি উঠলো, ‘জেরুশালেম,’ সেই স্থানে প্রাচীরভেদী যন্ত্র স্থাপন করতে, হত্যার হুকুম দিতে, উচ্চৈঃস্বরে সিংহনাদ করতে, নগর-দ্বারগুলোর বিরুদ্ধে প্রাচীরভেদী যন্ত্র স্থাপন করতে, জাঙ্গাল বাঁধতে ও উচ্চগৃহ প্রস্তুত করতে হবে।
কিন্তু মন্ত্রটি তাদের দৃষ্টিতে মিথ্যা মনে হবে; তারা ওদের কাছে পুনঃ পুনঃ শপথ করেছিল; কিন্তু তিনি তাদের অপরাধ স্মরণীয় করেন, যেন তাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়।
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ অপরাধ স্মরণীয় করেছ, কেননা তোমাদের অধর্মগুলো অনাবৃত হল, তাই তোমাদের সমস্ত কাজে তোমাদের গুনাহ্ প্রকাশ পাচ্ছে, তোমরা স্মরণীয় হওয়াতে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
আর হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল, সার্বভৌম মাবুদ অম্মোনীয়দের বিষয়ে ও তাদের উপহাসের বিষয়ে এই কথা বলেন; তুমি বল, তলোয়ার, তলোয়ার কোষ থেকে বের করা হয়েছে, সেটি হত্যা করার জন্য পালিশ করা হয়েছে, যেন গ্রাস করে, যেন বিদ্যুতের মত চম্কায়।
এদিকে লোকেরা তোমার জন্য মিথ্যা দর্শন পায় ও তোমার জন্য মিথ্যা মন্ত্র পাঠ করে, যেন তোমাকে সেই আহত দুষ্টদের ঘাড়ের উপরে নিক্ষেপ করে, যাদের দিন শেষের অপরাধকাল উপস্থিত হয়েছে।