“অহলা আমার থাকতেই জেনা করেছিল। তার প্রেমিকদের প্রতি, অর্থাৎ আশেরীয়দের প্রতি তার কামনা ছিল। এরা ছিল নীল কাপড় পরা যোদ্ধা, শাসনকর্তা ও সেনাপতি; সকলেই সুন্দর যুবক এবং ঘোড়সওয়ার।
মিসরে যে বেশ্যাগিরি সে শুরু করেছিল তা সে ছেড়ে দেয় নি; সেখানে তার অল্প বয়সেই লোকে তার সংগে শুয়ে তার সতীত্ব নষ্ট করেছে ও তাদের কামনা তার উপর ঢেলে দিয়েছে।
সেইজন্য আমি আল্লাহ্ মালিক বলছি যে, তোমার যে সব প্রেমিকদের তুমি ঘৃণা করেছ আমি তাদেরই তোমার বিরুদ্ধে উত্তেজিত করব এবং চারদিক থেকে আমি তাদের তোমার বিরুদ্ধে নিয়ে আসব।
তারা হল ব্যাবিলনীয়রা, সমস্ত ক্যালডীয়রা, পকোদ, শোয়া ও কোয়ার লোকেরা ও তাদের সংগে সমস্ত আশেরীয়রা। তারা সবাই সুন্দর যুবক; তারা সকলেই শাসনকর্তা, সেনাপতি, রথের কর্মচারী, উঁচু পদের লোক এবং ঘোড়সওয়ার।
তারা অস্ত্রশস্ত্র, রথ, গাড়ি এবং লোকজনের মস্ত বড় একটা দল নিয়ে তোমার বিরুদ্ধে আসবে। তারা ছোট ও বড় ঢাল নিয়ে মাথা রক্ষার টুপি পরে তোমাকে ঘেরাও করবে। শাস্তি পাবার জন্য আমি তোমাকে তাদের হাতে তুলে দেব এবং তারা তাদের বিচারের নিয়ম অনুসারে তোমাকে শাস্তি দেবে।
আমার দিলের জ্বালা আমি তোমার বিরুদ্ধেই কাজে লাগাব বলে তারা জ্বলন্ত রাগে তোমার সংগে ব্যবহার করবে। তারা তোমার নাক-কান কেটে দেবে এবং তোমার বাকী লোকদের হত্যা করবে। তারা তোমার ছেলেমেয়েদের নিয়ে যাবে, আর তোমার বাকী লোকেরা আগুনে পুড়ে মরবে।
তারা তোমাকে ঘৃণা করবে এবং তোমার পরিশ্রমের ফল নিয়ে নেবে। তারা তোমাকে উলংগ ও খালি করে রেখে যাবে। তোমার বেশ্যাগিরির লজ্জা তখন প্রকাশ পাবে। তোমার জেনা ও বেশ্যাগিরির ফলে এই সব তোমার উপর আসবে, কারণ তুমি জাতিদের সংগে জেনা করেছ, অর্থাৎ তাদের মূর্তিগুলো দিয়ে নিজেকে নাপাক করেছ।
“আমি আল্লাহ্ মালিক বলছি যে, তোমার বোনের পেয়ালাতেই তুমি খাবে; পেয়ালাটা বড় ও গভীর। তাতে অনেকটা ধরে বলে তা থেকে খেয়ে তুমি ঘৃণা ও ঠাট্টা-বিদ্রূপের পাত্র হবে।
তারা জেনা করেছে আর তাদের হাতে রয়েছে রক্ত। তাদের মূর্তিগুলোর পূজা করে তারা জেনা করেছে; এমন কি, আমার জন্য জন্ম-দেওয়া ছেলেমেয়েদের তারা মূর্তিগুলোর খাবার হিসাবে আগুনে পুড়িয়ে কোরবানী দিয়েছে।
“তাদের চারপাশে ছিল চিন্তাহীন, হৈ চৈ করা লোকদের গোলমাল। তাদের মধ্যে ছিল নীচমনা লোক আর মরুভূমির মদখোরেরা। তারা সেই দুই বোনের হাতে বালা পরাল আর তাদের মাথায় দিল সুন্দর তাজ।