মিসরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্বও শেষ হবে। মিগ্দোল থেকে আসওয়ান পর্যন্ত লোকেরা যুদ্ধে মারা পড়বে। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
“ ‘সেই দিন আরামে থাকা ইথিওপিয়াকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার হুকুমে জাহাজে করে বের হয়ে যাবে। মিসরের শেষ দিনে ইথিওপিয়ারও যন্ত্রণা হবে, কারণ সেই দিন তার উপরেও আসবে।
তাকে ও তার সৈন্যদলকে, অর্থাৎ সমস্ত জাতির মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর তাদেরই আনা হবে দেশটাকে ধ্বংস করবার জন্য। তারা মিসরকে আক্রমণ করে তার নিহত লোকদের দিয়ে দেশটাকে ভরে দেবে।
আমি নীল নদের পানি শুকিয়ে ফেলব এবং দুষ্ট লোকদের কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশীদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সব কিছুকে আমি ধ্বংস করে দেব। আমি মাবুদ এই কথা বলছি।
আমি যখন মিসরের জোয়াল ভেংগে ফেলব তখন তফন্হেষে দিনের বেলা অন্ধকার নেমে আসবে; সেখানে তার শক্তির গর্বও শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে আর তার গ্রামগুলোর লোকেরা বন্দীদশায় যাবে।
“হে মানুষের সন্তান, আমি মিসরের বাদশাহ্ ফেরাউনের হাত ভেংগে দিয়েছি। ভাল হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয় নি যাতে সেটা তলোয়ার ধরবার জন্য উপযুক্ত শক্তি পায়।
আমি ব্যাবিলনের বাদশাহ্র হাতে শক্তি দেব এবং আমার তলোয়ার তার হাতে দেব, কিন্তু ফেরাউনের হাত আমি ভেংগে ফেলব। তাতে ফেরাউন ব্যাবিলনের বাদশাহ্র সামনে আহত লোকের মত কাত্রাবে।
আমি ব্যাবিলনের বাদশাহ্র হাতে শক্তি দেব কিন্তু ফেরাউনের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তলোয়ার ব্যাবিলনের বাদশাহ্র হাতে দেব আর সে মিসরের বিরুদ্ধে তা চালাবে তখন সবাই জানবে যে, আমিই মাবুদ।