পরে মাবুদ আমাকে বললেন, “হে মানুষের সন্তান, ইসরাইলের পাহাড়-পর্বতের কাছে ভবিষ্যদ্বাণী বল এবং আল্লাহ্ মালিকের এই কালাম তাদের শুনতে বল যে, শত্রুু তাদের সম্বন্ধে বলেছে, ‘বাঃ! পুরানো উঁচু জায়গাগুলো আমাদের দখলে এসে গেছে।’
কাজেই আমি আল্লাহ্ মালিক বলছি, তোমরা যাতে অন্যান্য জাতিগুলোর দখলে আস এবং লোকদের হিংসার ও নিন্দার পাত্র হও সেইজন্য তারা চারদিক থেকে তোমাদের ধ্বংস ও গ্রাস করেছে।
তাই হে ইসরাইলের পাহাড়-পর্বত, তোমরা আমার কালাম শোন। হে বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলো, জনশূন্য সব ধ্বংসস্থান এবং তোমাদের চারপাশের অন্যান্য জাতিরা যেগুলোকে লুট ও হাসির পাত্র করেছে সেই সব ছেড়ে যাওয়া শহরগুলো,
আমি আল্লাহ্ মালিক তোমাদের বলছি, আমার দিলের জ্বালায় আমি অন্যান্য জাতিদের ও সমস্ত ইদোমের বিরুদ্ধে কথা বলেছি, কারণ তাদের মনের আনন্দ ও হিংসার সংগে তারা আমার দেশকে নিজেদের দখলে এনেছে যাতে তা লুট করতে পারে। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
“তুমি ইসরাইল দেশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী বল। তার বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলোকে বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘আমার দিলের জ্বালাপূর্ণ রাগে আমি কথা বলছি, কারণ তোমরা অন্যান্য জাতির কাছ থেকে অপমান ভোগ করেছ।
আমি তোমাদের উপরে মানুষ ও পশুর সংখ্যা বাড়িয়ে দেব এবং তারা ফলবান ও সংখ্যায় অনেক হবে। আমি তোমাদের উপরে আগের মতই লোকজন বাস করাব এবং আগের চেয়েও তোমাদের বেশী সফলতা দান করব। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
আমি তোমাদের উপর দিয়ে লোকজনকে, অর্থাৎ আমার বান্দা বনি-ইসরাইলদের হাঁটা-চলা করাব। তারা তোমাদের অধিকার করবে এবং তোমরা তাদের অধিকারের জায়গা হবে; তোমরা আর কখনও তাদের সন্তানহারা করবে না।
জাতিদের ঠাট্টা-বিদ্রূপ আর আমি তোমাকে শুনতে দেব না এবং তাদের করা অপমান আর তোমাকে সহ্য করতে হবে না। তোমার দরুন তোমার জাতির লোকেরা আর উচোট খাবে না। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।’ ”
“হে মানুষের সন্তান, বনি-ইসরাইলরা নিজেদের দেশে বাস করবার সময়ে তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম দিয়ে দেশটা নাপাক করেছিল। আমার চোখে তাদের আচার-ব্যবহার ছিল স্ত্রীলোকের মাসিকের নাপাকীর মত।
তারা জাতিদের মধ্যে যেখানেই গেছে সেখানেই আমার পবিত্র নাম অপবিত্র করেছে, কারণ লোকে তাদের সম্বন্ধে বলেছে, ‘এরা মাবুদের বান্দা, অথচ তাঁর দেশ তাদের ছাড়তে হয়েছে।’
“কাজেই তুমি বনি-ইসরাইলদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে বনি-ইসরাইলরা, আমি যে তোমাদের দরুন এই সব কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের দরুনই করব। তোমরা যে সব জাতির মধ্যে গিয়েছ সেখানেই এই নাম অপবিত্র করেছ।
যে নাম জাতিদের মধ্যে অসম্মানিত করা হয়েছে আমার সেই মহৎ নামের পবিত্রতা আমি দেখাব; তোমরা তাদের মধ্যে সেই নাম অপবিত্র করেছ। যখন আমি তাদের চোখের সামনে তোমাদের মধ্য দিয়ে নিজের পবিত্রতা দেখাব তখন জাতিরা জানবে যে, আমিই মাবুদ।
“ ‘আমি আল্লাহ্ মালিক বলছি, যেদিন আমি সব গুনাহ্ থেকে তোমাদের পরিষ্কার করব সেই দিনই আমি শহরগুলোতে লোকদের বাস করাব এবং ধ্বংসস্থানগুলো আবার তৈরী করা হবে।
তারা বলবে যে, এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেটা আদন বাগানের মত হয়েছে; তার শহরগুলো ধ্বংস, জনশূন্য ও ভাংগাচোরা হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেগুলো দেয়াল-ঘেরা ও বাস করবার জায়গা হয়েছে।
তখন তোমাদের চারপাশের বেঁচে থাকা জাতিরা জানবে যে, আমি মাবুদই ভাংগা জায়গা আবার গড়েছি এবং পতিত জায়গায় আবার গাছ লাগিয়েছি। আমি মাবুদই এই কথা বলেছি এবং আমি তা-ই করব।’ ”
তারপর আল্লাহ্ মালিক আমাকে বললেন, “আমি আর একবার ইসরাইল জাতিকে আমার কাছে অনুরোধ জানাতে দেব এবং তাদের অনুরোধ অনুসারে আমি ভেড়ার পালের মত তাদের লোকদের অসংখ্য করব।