“‘আমার লোক ইস্রায়েলীয়দের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমার নাম আমি আর অপবিত্র হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে সেই পবিত্রজন।
“‘তখন যারা ইস্রায়েলের শহরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসাবে অস্ত্রশস্ত্র পোড়াবে। তারা ছোট ও বড় ঢাল, তীর ও ধনুক এবং যুদ্ধের গদা ও বর্শা সাত বছর ধরে কাঠের বদলে পোড়াবে।
মাঠ থেকে কিম্বা বন-জংগল থেকে তাদের আর জ্বালানি কাঠ জোগাড় করতে হবে না, কারণ কাঠের বদলে তারা অস্ত্রশস্ত্রগুলোই পোড়াবে। তারা তাদের লুটকারীদের জিনিসপত্র লুট করবে; তাদের জিনিসপত্র যারা কেড়ে নিয়েছে তাদের জিনিসপত্র তারা কেড়ে নেবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
“‘সেই দিন আমি গোগকে ইস্রায়েলের মধ্যে একটা কবরস্থান দেব। সেটা হবে সাগরের পূর্ব দিকে যাত্রীদের উপত্যকার মধ্যে। যারা যাওয়া-আসা করে তাদের পথ এটা বন্ধ করে দেবে, কারণ গোগ ও তার সব দলবলকে সেখানে কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে গোগের দলবলের উপত্যকা।
দেশের মধ্যে ঘোরাফেরার সময় তাদের কেউ যদি মানুষের একটা হাড় দেখে তবে যে পর্যন্ত না কবর খুঁড়বার লোকেরা সেটাকে গোগের দলবলের উপত্যকায় কবর দেয় সেই পর্যন্ত তারা সেই হাড় দেখাবার জন্য একটা চিহ্ন খাড়া করে রাখবে।
“হে মানুষের সন্তান, আমি প্রভু সদাপ্রভু বলছি, তুমি সব রকম পাখী ও সব বুনো পশুদের ডাক দিয়ে বল, ‘তোমরা জড়ো হও এবং আমি তোমাদের জন্য ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে যে বিরাট বলির ব্যবস্থা করছি তার জন্য চারদিক থেকে একত্র হও। সেখানে তোমরা মাংস ও রক্ত খাবে।
আর জাতিরা জানবে যে, ইস্রায়েলীয়েরা তাদের পাপের জন্য বন্দীদশায় গিয়েছিল, কারণ তারা আমার প্র্রতি অবিশ্বস্ত হয়েছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম এবং শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম; তারা সবাই যুদ্ধে মারা পড়েছিল।
জাতিদের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব এবং শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব।