ঈশ্বরের দেওয়া দর্শনের মধ্যে তিনি আমাকে ইস্রায়েল দেশে নিয়ে গিয়ে একটা খুব উঁচু পাহাড়ের উপরে রাখলেন। সেই পাহাড়ের দক্ষিণ পাশে কতগুলো দালান ছিল যেগুলো দেখতে শহরের মত।
লোকটি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি চোখ দিয়ে দেখ ও কান দিয়ে শোন এবং আমি তোমাকে যা দেখাব তার সব কিছুতে মনোযোগ দাও, কারণ সেইজন্যই তোমাকে এখানে আনা হয়েছে। তুমি যা কিছু দেখবে সবই ইস্রায়েলীয়দের বলবে।”
আমি দেখলাম একটা দেয়াল দিয়ে উপাসনা-ঘরের চারপাশটা ঘেরা রয়েছে। লোকটির হাতের মাপকাঠিটা লম্বায় ছয় হাত; প্রত্যেক হাত এক হাত চার আংগুল করে লম্বা। তিনি দেয়ালটা মাপলেন; সেটা এক মাপকাঠি মোটা আর এক মাপকাঠি উঁচু।
ফটকে পাহারাদারদের কামরাগুলো এক মাপকাঠি লম্বা ও এক মাপকাঠি চওড়া এবং এক কামরা থেকে আর এক কামরার মধ্যেকার দেয়াল পাঁচ হাত মোটা ছিল। ফটকের শেষ অংশে উপাসনা-ঘরমুখী কামরায় ঢুকবার মুখটা ছিল এক মাপকাঠি লম্বা।
তারপর তিনি ফটকের ছাদের চওড়ার মাপ নিলেন; তিনি একটা কামরার বাইরের দিক থেকে তার সামনের কামরার বাইরের দিক পর্যন্ত মাপলেন- একটা কামরার দেয়ালের খোলা জায়গা থেকে তার সামনের কামরার দেয়ালের খোলা জায়গার দূরত্ব ছিল পঁচিশ হাত।
কামরাগুলোর বাইরের দেয়ালে এবং থাম দু’টার পাশের দেয়ালে জালি দেওয়া জানলা ছিল, আর ফটকের শেষে যে কামরা ছিল তার দেয়ালেও তা-ই ছিল; এইভাবে ফটকের দেয়ালগুলোতে ঐ রকম জানলা ছিল। এছাড়া থাম দু’টার গায়ে খেজুর গাছ খোদাই করা ছিল।
তারপর তিনি পূর্ব দিকের বাইরের উঠানের ফটকের শেষ সীমা থেকে ভিতরের উঠানের ফটকে ঢুকবার মুখ পর্যন্ত মাপলেন; তার দূরত্ব ছিল একশো হাত। সেইভাবে উত্তর দিকের দূরত্বও ছিল একশো হাত।
তার দু’পাশের তিনটা করে কামরার মাপ ও তার থামগুলো এবং তার শেষের কামরার মাপ প্রথম ফটকের সব কিছুর মাপের মতই ছিল। সেটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
তার জানলাগুলো, শেষের কামরা ও থামগুলোর খোদাই করা খেজুর গাছ পূর্বমুখী ফটকের মতই ছিল। সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং ফটকের শেষ সীমায় তার কামরা ছিল।
তারপর তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন। আমি বাইরের উঠানের দক্ষিণমুখী একটা ফটক দেখলাম। তিনি সেই ফটকের থামগুলো ও শেষের কামরা মাপলেন। অন্য ফটকগুলোর মত তার একই মাপ হল।
সেই ফটকের পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও শেষের কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মতই এই ফটকেও জানলা ছিল। ফটকটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া।
তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মত এই ফটকেও জানলা ছিল। ফটকটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল।
তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মত এই ফটকেও জানলা ছিল। ফটকটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল।
পোড়ানো-উৎসর্গের জন্য যে চারটা টেবিল ছিল সেগুলো পাথর কেটে তৈরী করা; প্রত্যেকটা টেবিল ছিল দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া ও এক হাত উঁচু। সেখানে উৎসর্গের যন্ত্রপাতি রাখা হয়।
তিনি আমাকে বললেন, “দক্ষিণমুখী কামরাটা উপাসনা-ঘরের দেখাশোনার ভার-পাওয়া পুরোহিতদের জন্য আর উত্তরমুখী কামরাটা বেদীর দেখাশোনার ভার-পাওয়া পুরোহিতদের জন্য। সেই পুরোহিতেরা হল সাদোকের ছেলেরা; লেবীয়দের মধ্যে কেবল তারাই সদাপ্রভুর সামনে তাঁর সেবা-কাজের জন্য যেতে পারে।”
তারপর তিনি আমাকে উপাসনা-ঘরের বারান্দায় আনলেন এবং বারান্দার সামনের থাম দু’টা ও ঢুকবার পথের দু’পাশের বাজু মাপলেন। প্রত্যেকটা বাজু পাঁচ হাত চওড়া ও তিন হাত মোটা ছিল।