বায়তুল-মোকাদ্দসের দেয়ালও ছিল ছয় হাত মোটা। দুই বাজুর মাঝখানের জায়গাটা ছিল দশ হাত এবং প্রত্যেকটা বাজু পাঁচ হাত মোটা ছিল। তিনি প্রধান কামরাটাও মাপলেন; সেটা চল্লিশ হাত লম্বা ও বিশ হাত চওড়া ছিল।
তারপর তিনি ভিতরের কামরায় গিয়ে সেখানে ঢুকবার দরজার বাজু দু’টা মাপলেন; প্রত্যেকটা বাজু ছিল দু’হাত করে চওড়া। দুই বাজুর মাঝখানের জায়গাটা ছিল ছয় হাত এবং বাজুর সংগে লাগানো দু’পাশের দেয়াল লম্বায় ছিল সাত হাত করে।
তারপর তিনি বায়তুল-মোকাদ্দসের দেয়াল মাপলেন; সেটা ছিল ছয় হাত মোটা এবং সেই দেয়ালের বাইরের দিকের তিন পাশের গা ঘেঁষে যে কামরাগুলো ছিল তার প্রত্যেকটা চার হাত চওড়া ছিল।
সেই কামরাগুলো একটার উপরে আর একটা করে তিন তলা ছিল; প্রত্যেক তলায় ত্রিশটা করে কামরা ছিল। কামরাগুলোর ভার বইবার জন্য বায়তুল-মোকাদ্দসের দেয়ালের তিন পাশে থাক্ ছিল। কামরাগুলোর বীম সেই থাকের উপর বসানো ছিল, বায়তুল-মোকাদ্দসের দেয়ালের মধ্যে ঢুকানো ছিল না।
সেইজন্য বায়তুল-মোকাদ্দসের তিন পাশের কামরাগুলো চওড়ায় নীচের তলা থেকে উপরের তলা পর্যন্ত পর পর বেড়ে গেছে। নীচের তলা থেকে দু’তলার মধ্য দিয়ে উপর তলা পর্যন্ত একটা সিঁড়ি উঠে গেছে।
আমি দেখলাম, বায়তুল-মোকাদ্দস একটা উঁচু সমান জায়গার উপর রয়েছে এবং সেটাই ছিল বায়তুল-মোকাদ্দস ও কামরাগুলোর ভিত্তি। সেই ভিত্তি এক মাপকাঠি, অর্থাৎ ছয় হাত উঁচু ছিল এবং কামরাগুলো থেকে পাঁচ হাত বাড়ানো ছিল।
বায়তুল-মোকাদ্দসের পাশের কামরাগুলোতে ঢুকবার জন্য উত্তর দিকে একটা ও দক্ষিণ দিকে আর একটা দরজা ছিল এবং সেই দু’টা দরজা খোলা জায়গার দিকে মুখ করা ছিল। ভিত্তির সেই পাঁচ হাত বাড়ানো অংশটা ছিল দরজা দু’টার কাছে যাবার পথ।
বায়তুল-মোকাদ্দসের পশ্চিম দিকে খোলা জায়গার শেষ সীমায় একটা দালান ছিল। সেটা সত্তর হাত চওড়া এবং নব্বই হাত লম্বা ছিল। তার চারপাশের দেয়ালগুলো ছিল পাঁচ হাত মোটা।
তারপর তিনি দু’পাশের ভিতরের পথ সুদ্ধ পশ্চিম দিকের দালানটা মাপলেন; তা লম্বায় ছিল একশো হাত। বায়তুল-মোকাদ্দসের প্রধান কামরা, ভিতরের কামরা ও উঠানের দিকে মুখ-করা বারান্দার দেয়ালগুলো কাঠের তক্তা দিয়ে ঢাকা ছিল। সেই তিনটি জায়গায় ঢুকবার মুখের দু’পাশের বাজুগুলো এবং জালি দেওয়া সমস্ত জানালাও তক্তা দিয়ে ঢাকা ছিল। জানালাগুলোতে কাঠের পাল্লা ছিল।
ঢুকবার মুখের উপরের দেয়াল সুদ্ধ প্রধান কামরার ও ভিতরের কামরার সমস্ত দেয়ালের তক্তার উপরে কারুবী ও খেজুর গাছ খোদাই করা ছিল; একটা খেজুর গাছ ও একটা কারুবী পর পর সাজানো ছিল। প্রত্যেকটি কারুবীর দু’টি করে মুখ ছিল,
একটা মানুষের মুখ ও অন্যটা সিংহের মুখ; মানুষের মুখ একটা খেজুর গাছের দিকে ও সিংহের মুখ অন্য খেজুর গাছের দিকে। গোটা বায়তুল-মোকাদ্দসের দেয়ালের চারদিকে এগুলো খোদাই করা ছিল।
প্রধান কামরায় তিন হাত উঁচু, দু’হাত লম্বা ও দু’হাত চওড়া কাঠের একটা কোরবানগাহ্ ছিল; এর চার কোণা, ভিত্তি ও চারপাশ ছিল কাঠের তৈরী। তিনি আমাকে বললেন, “এটা হচ্ছে সেই টেবিল যেটা মাবুদের সামনে রয়েছে।”
বারান্দার জালি দেওয়া জানালাগুলোর দু’পাশে ও বাজুগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। এছাড়া বায়তুল-মোকাদ্দসের বীমগুলোতে ও পাশের কামরাগুলোতেও খেজুর গাছ খোদাই করা ছিল।