“ ‘তোমরা যখন সম্পত্তি হিসাবে দেশের জমি ভাগ করে দেবে তখন পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও বিশ হাজার মাপকাঠি চওড়া দেশের এক খণ্ড জমি মাবুদকে দেবে; সেই পুরো এলাকাটাই হবে পবিত্র।
সেই পুরো পবিত্র এলাকার মধ্য থেকে পঁচিশ হাজার মাপকাঠি লম্বা এবং দশ হাজার মাপকাঠি চওড়া একটা অংশ মেপে রাখবে। এই অংশের মধ্যেই বায়তুল-মোকাদ্দস, অর্থাৎ মহাপবিত্র জায়গা থাকবে।
এই অংশটা ইমামদের জন্য; তা পবিত্র। ইমামেরা বায়তুল-মোকাদ্দসে সেবা করে এবং মাবুদের এবাদত করবার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। সেই জায়গাতেই হবে তাদের ঘর-বাড়ী এবং বায়তুল-মোকাদ্দসের জন্য পবিত্র জায়গা।
“ ‘পবিত্র এলাকা ও শহরের সীমানার পূর্ব ও পশ্চিম পাশের জমি শাসনকর্তার হবে। শাসনকর্তার এই দুই জায়গা দেশের পশ্চিম ও পূর্ব সীমানা পর্যন্ত যাবে। এই জায়গার উত্তর-দক্ষিণের মাপ পবিত্র এলাকা ও শহরের উত্তর-দক্ষিণের মাপের সমান হবে।
এই জায়গা ইসরাইল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। আমার শাসনকর্তারা আমার বান্দাদের উপর আর জুলুম করবে না, বরং ইসরাইল জাতিকে তার গোষ্ঠীগুলো অনুসারে জমি ভোগ করতে দেবে।
“ ‘হে ইসরাইলের শাসনকর্তারা, আমি আল্লাহ্ মালিক বলছি, যথেষ্ট হয়েছে। এখন জোর-জবরদস্তি ও জুলুম করা ছেড়ে দিয়ে তোমরা ন্যায় ও সৎ কাজ কর। আমার বান্দাদের জায়গা তোমাদের দখলে নেওয়া বন্ধ কর।
ইসরাইল দেশের মধ্যে ভাল জমিতে চরে এমন প্রতি দু’শো ছাগল-ভেড়া থেকে একটা বাচ্চা দেবে। লোকদের গুনাহ্ ঢাকা দেবার জন্য এগুলো শস্য-কোরবানী, পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানীর জন্য ব্যবহার করা হবে।
শাসনকর্তার কর্তব্য হবে সব ঈদ, অমাবস্যা ও বিশ্রাম দিনের জন্য, অর্থাৎ ইসরাইল জাতির নির্দিষ্ট সমস্ত ঈদের জন্য পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী ও ঢালন-কোরবানীর জিনিস যোগান দেওয়া। সে ইসরাইল জাতির গুনাহ্ ঢাকা দেবার জন্য গুনাহের কোরবানী, শস্য-কোরবানী, পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানীর জিনিস যোগান দেবে।
যারা ভুল করে কিংবা না জেনে বায়তুল-মোকাদ্দসের বিরুদ্ধে কোন গুনাহ্ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সাত দিনের দিন ঐ একই কাজ করবে। এইভাবে তোমরা গুনাহ্ ঢাকা দিয়ে বায়তুল-মোকাদ্দস পাক-সাফ করবে।
“ ‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের ঈদ শুরু হয় সেই সময় কোরবানীর জন্য শাসনকর্তা গুনাহের কোরবানীর, পোড়ানো-কোরবানীর ও শস্য-কোরবানীর জিনিস এবং তেল দেবে।