“‘তোমরা যখন সম্পত্তি হিসাবে দেশের জমি ভাগ করে দেবে তখন পঁচিশ হাজার মাপকাঠি লম্বা ও বিশ হাজার মাপকাঠি চওড়া দেশের এক খণ্ড জমি সদাপ্রভুকে দেবে; সেই পুরো এলাকাটাই হবে পবিত্র।
সেই পুরো পবিত্র এলাকার মধ্য থেকে পঁচিশ হাজার মাপকাঠি লম্বা এবং দশ হাজার মাপকাঠি চওড়া একটা অংশ মেপে রাখবে। এই অংশের মধ্যেই উপাসনা-ঘর, অর্থাৎ মহাপবিত্র জায়গা থাকবে।
এই অংশটা পুরোহিতদের জন্য; তা পবিত্র। পুরোহিতেরা উপাসনা-ঘরে সেবা-কাজ করে এবং সদাপ্রভুর সেবা করবার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। সেই জায়গাতেই হবে তাদের ঘর-বাড়ী এবং উপাসনা-ঘরের জন্য পবিত্র জায়গা।
“‘পবিত্র এলাকা ও শহরের সীমানার পূর্ব ও পশ্চিম পাশের জমি শাসনকর্তার হবে। শাসনকর্তার এই দুই জায়গা দেশের পশ্চিম ও পূর্ব সীমানা পর্যন্ত যাবে। এই জায়গার উত্তর-দক্ষিণের মাপ পবিত্র এলাকা ও শহরের উত্তর-দক্ষিণের মাপের সমান হবে।
এই জায়গা ইস্রায়েল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। আমার শাসনকর্তারা আমার লোকদের উপর আর অত্যাচার করবে না, বরং ইস্রায়েল জাতিকে তার গোষ্ঠীগুলো অনুসারে জমি ভোগ করতে দেবে।
“‘হে ইস্রায়েলের শাসনকর্তারা, আমি প্রভু সদাপ্রভু বলছি, যথেষ্ট হয়েছে। এখন জোর-জবরদস্তি ও অত্যাচার করা ছেড়ে দিয়ে তোমরা ন্যায় ও সৎ কাজ কর। আমার লোকদের জায়গা তোমাদের দখলে নেওয়া বন্ধ কর।
ইস্রায়েল দেশের মধ্যে ভাল জমিতে চরে এমন প্রতি দু’শো ছাগল-ভেড়া থেকে একটা বাচ্চা দেবে। লোকদের পাপ ঢাকা দেবার জন্য এগুলো শস্য-উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের জন্য ব্যবহার করা হবে।
শাসনকর্তার কর্তব্য হবে সব পর্ব, অমাবস্যা ও বিশ্রাম দিনের জন্য, অর্থাৎ ইস্রায়েল জাতির নির্দিষ্ট সমস্ত পর্বের জন্য পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস যোগান দেওয়া। সে ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গ, শস্য-উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের জিনিস যোগান দেবে।
যারা ভুল করে কিম্বা না জেনে উপাসনা-ঘরের বিরুদ্ধে কোন পাপ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সাত দিনের দিন ঐ একই কাজ করবে। এইভাবে তোমরা পাপ ঢাকা দেবার অনুষ্ঠান করে উপাসনা-ঘরটা শুচি করবে।
“‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের পর্ব আরম্ভ হয় সেই সময় উৎসর্গের জন্য শাসনকর্তা পাপ-উৎসর্গের, পোড়ানো-উৎসর্গের ও শস্য-উৎসর্গের জিনিস এবং তেল দেবে।