তারপর তিনি আমাকে বায়তুল-মোকাদ্দসে ঢুকবার মুখের কাছে ফিরিয়ে আনলেন, আর আমি দেখলাম বায়তুল-মোকাদ্দসের ঢুকবার মুখের তলা থেকে পানি বের হয়ে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। বায়তুল-মোকাদ্দস পূর্বমুখী ছিল। সেই পানি বায়তুল-মোকাদ্দসের দক্ষিণ পাশের তলা থেকে কোরবানগাহের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
পরে তিনি উত্তর-দরজার মধ্য দিয়ে আমাকে বের করে আনলেন এবং বাইরের পথ দিয়ে ঘুরিয়ে পূর্বমুখী বাইরের দরজার কাছে নিয়ে গেলেন; সেই দরজার দক্ষিণ পাশ দিয়ে অল্প পানি বয়ে যাচ্ছিল।
তারপর তিনি আর এক হাজার হাত মাপলেন, কিন্তু পানি তখন নদী হয়ে যাওয়াতে আমি পার হতে পারলাম না, কারণ পানি বেড়ে গিয়েছিল এবং সাঁতার দেবার মত গভীর হয়েছিল। সেটা এমন নদী হয়েছিল যা কেউ হেঁটে পার হতে পারে না।
যেখান দিয়ে এই নদীটা বয়ে যাবে সেখানে সব রকমের ঝাঁক-বাঁধা প্রাণী ও প্রচুর মাছ বাস করবে। এই পানি যেখান দিয়ে বয়ে যাবে সেখানকার পানি মিষ্টি করে তুলবে; কাজেই যেখান দিয়ে নদীটা বয়ে যাবে সেখানকার সব কিছুই বাঁচবে।
জেলেরা নদীর কিনারায় দাঁড়াবে; ঐন্-গদী থেকে ঐন্-ইগ্লয়িম পর্যন্ত জাল মেলে দেবার জায়গা হবে। ভূমধ্যসাগরের মাছের মত সেখানেও নানা রকমের অনেক মাছ পাওয়া যাবে।
নদীর দুই ধারেই সব রকমের ফলের গাছ জন্মাবে। সেগুলোর পাতা শুকিয়ে যাবে না, ফলও শেষ হবে না। প্রতি মাসেই তাতে ফল ধরবে, কারণ বায়তুল-মোকাদ্দস থেকে সেখানে পানি বয়ে আসবে। সেগুলোর ফল খাবার জন্য আর পাতা সুস্থ হবার জন্য ব্যবহার করা হবে।”
তারপর আল্লাহ্ মালিক বললেন, “তোমরা সম্পত্তি হিসাবে ইসরাইলের বারো গোষ্ঠীর মধ্যে দেশটা এইভাবে ভাগ করে দেবে। তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নেবে কিন্তু ইউসুফ দুই অংশ পাবে। এই দেশটা আমি তোমাদের পূর্বপুরুষদের দেব বলে কসম খেয়েছিলাম এবং এই দেশ তোমাদেরই সম্পত্তি হবে।
পূর্ব দিকের সীমানা হৌরণ ও দামেস্কের মধ্য দিয়ে গিলিয়দ ও ইসরাইল দেশের মধ্যেকার জর্ডান নদী বরাবর গিয়ে মরু-সাগর পর্যন্ত চলে যাবে। এটাই হবে পূর্ব দিকের সীমানা।
তোমাদের মধ্যে যে সব বিদেশী তাদের ছেলেমেয়ে নিয়ে স্থায়ীভাবে বাস করছে তাদের জন্য ও তোমাদের জন্য দেশটা সম্পত্তি হিসাবে ভাগ করে দেবে। তাদের তোমরা দেশে জন্মানো ইসরাইলীয় হিসাবে ধরবে। তোমাদের সংগে তারাও ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে জমির ভাগ পাবে।