তারপর তিনি আমাকে উপাসনা-ঘরে ঢুকবার মুখের কাছে ফিরিয়ে আনলেন, আর আমি দেখলাম উপাসনা-ঘরের ঢুকবার মুখের তলা থেকে জল বের হয়ে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। উপাসনা-ঘরটা পূর্বমুখী ছিল। সেই জল উপাসনা-ঘরের দক্ষিণ পাশের তলা থেকে বেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
পরে তিনি উত্তর-ফটকের মধ্য দিয়ে আমাকে বের করে আনলেন এবং বাইরের পথ দিয়ে ঘুরিয়ে পূর্বমুখী বাইরের ফটকের কাছে নিয়ে গেলেন; সেই ফটকের দক্ষিণ পাশ দিয়ে অল্প জল বয়ে যাচ্ছিল।
তারপর তিনি আর এক হাজার হাত মাপলেন, কিন্তু জল তখন নদী হয়ে যাওয়াতে আমি পার হতে পারলাম না, কারণ জল বেড়ে গিয়েছিল এবং সাঁতার দেবার মত গভীর হয়েছিল। সেটা এমন নদী হয়েছিল যা কেউ হেঁটে পার হতে পারে না।
যেখান দিয়ে এই নদীটা বয়ে যাবে সেখানে সব রকমের ঝাঁক-বাঁধা জীবন্ত প্রাণী ও প্রচুর মাছ বাস করবে। এই জল যেখান দিয়ে বয়ে যাবে সেখানকার জল মিষ্টি করে তুলবে; কাজেই যেখান দিয়ে নদীটা বয়ে যাবে সেখানকার সব কিছুই বাঁচবে।
জেলেরা নদীর কিনারায় দাঁড়াবে; ঐন্-গদী থেকে ঐন্-ইগ্লয়িম পর্যন্ত জাল মেলে দেবার জায়গা হবে। ভূমধ্য সাগরের মাছের মত সেখানেও নানা রকমের অনেক মাছ পাওয়া যাবে।
নদীর দুই ধারেই সব রকমের ফলের গাছ জন্মাবে। সেগুলোর পাতা শুকিয়ে যাবে না, ফলও শেষ হবে না। প্রতি মাসেই তাতে ফল ধরবে, কারণ উপাসনা-ঘর থেকে সেখানে জল বয়ে আসবে। সেগুলোর ফল খাবার জন্য আর পাতা সুস্থ হবার জন্য ব্যবহার করা হবে।”
তারপর প্রভু সদাপ্রভু বললেন, “তোমরা সম্পত্তি হিসাবে ইস্রায়েলের বারো গোষ্ঠীর মধ্যে দেশটা এইভাবে ভাগ করে দেবে। তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নেবে কিন্তু যোষেফ দুই অংশ পাবে। এই দেশটা আমি তোমাদের পূর্বপুরুষদের দেব বলে শপথ করেছিলাম এবং এই দেশ তোমাদেরই সম্পত্তি হবে।
পূর্ব দিকের সীমানা হৌরণ ও দামেস্কের মধ্য দিয়ে গিলিয়দ ও ইস্রায়েল দেশের মধ্যেকার যর্দন নদী বরাবর গিয়ে মরু-সাগর পর্যন্ত চলে যাবে। এটাই হবে পূর্ব দিকের সীমানা।
তোমাদের মধ্যে যে সব বিদেশী তাদের ছেলেমেয়ে নিয়ে স্থায়ীভাবে বাস করছে তাদের জন্য ও তোমাদের জন্য দেশটা সম্পত্তি হিসাবে ভাগ করে দেবে। তাদের তোমরা দেশে জন্মানো ইস্রায়েলীয় হিসাবে ধরবে। তোমাদের সংগে তারাও ইস্রায়েলের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে জমির ভাগ পাবে।