মাবুদের এই কালাম আমার উপর নাজেল হল, “হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পাহাড়-পর্বতের দিকে মুখ করে বল যে, আল্লাহ্ মালিক তাদের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাণী বলছেন, ‘হে ইসরাইলের পাহাড়-পর্বত, আমার কালাম শোন। আমি আল্লাহ্ মালিক পাহাড়-পর্বতগুলোকে এবং খাদ ও উপত্যকাগুলোকে বলছি যে, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে তোমাদের পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করে দেব।
তোমরা যেখানেই বাস কর না কেন সেখানকার শহরগুলো খালি পড়ে থাকবে এবং পূজার উঁচু স্থানগুলো ধ্বংস হবে; তার ফলে তোমাদের বেদীগুলো পড়ে থাকবে ও নষ্ট হয়ে যাবে, তোমাদের মূর্তিগুলো চুরমার ও ধ্বংস হবে, তোমাদের ধূপবেদীগুলো ভেংগে পড়ে যাবে এবং তোমাদের তৈরী সব কিছু ধ্বংস হয়ে যাবে,
সেই সব জাতির মধ্যে থেকে তারা আমার বিষয় এই কথা মনে করবে যে, তাদের অবিশ্বস্ত দিল ও চোখ দিয়ে তারা আমাকে কিভাবে দুঃখ দিয়েছে; সেই দিল আমার কাছ থেকে সরে গেছে এবং সেই চোখ তাদের মূর্তিগুলোকে আকুলভাবে কামনা করেছে। তাদের সব খারাপ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে।
তারপর আল্লাহ্ মালিক আমাকে বললেন, “তুমি হাতে হাত দিয়ে ও মাটিতে পা দিয়ে জোরে আঘাত কর এবং ইসরাইল জাতির সমস্ত খারাপ ও জঘন্য কাজের জন্য জোরে জোরে হাহাকার কর, কারণ তারা যুদ্ধে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে।
যে দূরে আছে সে মহামারীতে মরবে এবং যে কাছে আছে সে যুদ্ধে মারা পড়বে, আর যে বেঁচে যাবে সে ঘেরাওয়ের মধ্যে পড়ে দুর্ভিক্ষে মরবে। এইভাবে আমার গজব আমি তাদের উপর সম্পূর্ণভাবে ঢেলে দেব।
বনি-ইসরাইলরা তাদের বেদীর চারপাশের মূর্তিগুলোর মধ্যে, সমস্ত বড় বড় পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটা গাছের নীচে এবং পাতা-ভরা প্রত্যেকটা এলোন গাছের তলায়, অর্থাৎ যে সব জায়গায় তাদের মূর্তিগুলোর উদ্দেশে তারা খোশবু ধূপ উৎসর্গ করত সেই সব জায়গায় মরে পড়ে থাকবে। তখন বেঁচে থাকা লোকেরা জানবে যে, আমিই মাবুদ।
বনি-ইসরাইলরা যেখানেই বাস করুক না কেন আমি তাদের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং মরুভূমি থেকে দিব্লা পর্যন্ত সারা দেশটা জনশূন্য ও ধ্বংসস্থান করব। তখন তারা জানবে যে, আমিই মাবুদ।”