হে ইসরায়েল, আজই তোমার শেষ দিন। আমার ক্রোধের ভয়াবহতা তুমি মর্মে মর্মে অনুভব করবে। এবার আমার কাছে তোমার সমস্ত কর্মের জবাবদিহি করতে হবে। তোমার সমস্ত ঘৃণ্য আচরণের সমুচিত দণ্ড আমি তোমাকে দেবই।
কোন মতেই আমি তোমাকে রেহাই দেব না কিন্বা কোন প্রকার করুণা প্রদর্শন করব না। তোমার সমূহ অনাচারের এমন দণ্ডবিধান করব যে তুমি বুঝতে পারবে—আমিই প্রভু পরমেশ্বর।
তোমার ধ্বংসের আর দেরী নেই। অতি শীঘ্রই তুমি বুঝতে পারবে আমার রোষবহ্নির তীব্র জ্বালা। যে আচরণ তুমি করেছ, এবার আমি তার বিচার করব এবং সেই ঘৃণ্য আচরণের সমুচিত শাস্তি আমি তোমাকে দেব।
আমার হাত থেকে কোনভাবেই তুমি মুক্তি পাবে না, কোন দয়া-মায়া তোমায় করব না। তোমার অনাচরের এমন দণ্ড তোমাকে দেব যে তুমি মর্মে মর্মে বুঝতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর—এই শাস্তি স্বয়ং আমিই তোমাকে দিচ্ছি।
সেই দিনের আর দেরী নেই যেদিন তাদের জীবন অর্থহীন হয়ে যাবে, দৈনন্দিন জীবনের কেনাবেচায় আনন্দ-বেদনার কোন স্থান থাকবে না, সকলেরই উপরে নেমে আসবে আমার মহাক্রোধ।
কোন ব্যবসায়ী তার ব্যবসায়ের ক্ষতি লাভ দিয়ে পূরণ করে নেবার সময় পর্যন্ত পাবে না, তাকে মরতে হবে। আমার মহাক্রোধ সকলকে গ্রাস করবে। কোন দুষ্টলোক নিষ্কৃতি পাবে না আমার হাত থেকে।
নগরের বাইরে চলেছে হানাহানি, ভিতরে মহামারী আর ক্ষুধার হাহাকার। নগরের বাইরে আছে যারা, তাদের মরণ হবে হানহানিতে আর নগরের ভিতরে যারা থাকবে তারা হবে ক্ষুধা আর মহামারীর বলি।
তারা সোনা-রূপো জঞ্জালের মত রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, কারণ সর্বাধিপতি প্রভুর মহাক্রোধ থেকে এইসব বস্তু তাদের রক্ষা করতে পারবে না। নিজেদের অভিলাষ বা উদর পূর্তির জন্য এগুলি তাদের কোন কাজে লাগবে না।
এইসব অলঙ্কারের জন্য তারা একদিন গর্ববোধ করত কিন্তু তারা সেগুলি মূর্তি গড়ার কাজে ব্যবহার করেছে, তাদের পাপের পথে এগিয়ে দিয়েছে। সেই জন্যই সর্বাধিপতি প্রভু তাদের মনে এগুলির প্রতি তীব্র বিতৃষ্ণা সৃষ্টি করেছেন।
দুর্ধর্ষ বর্বর এক জাতিকে এখানে আমি নিয়ে আসব, ইসরায়েলীদের বাসস্থান তারা দখল করবে। তারা যখন ইসরায়েলীদের পীঠস্থান অশুচি করবে, তখন ক্ষমতার দম্ভে মত্ত ব্যক্তিরও তাদের বাধা দেবার মত শক্তি বা মনোবল কিছুই থাকবে না।
একের পর এক বিপর্যয় ঘটতে থাকবে, দুঃসংবাদ আসবে স্রোতের মত। এই পরিস্থিতিতে ইসরায়েলীরা যাবে দ্রষ্টা নবীদের কাছে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে। পুরোহিতদের উপদেশ দেবার মত কিছু থাকবে না, সমাজপতিরা পরামর্শদানে হবেন অক্ষম।
রাজা বিলাপ করবেন, রাজপুরুষেরাও সমস্ত আশা ত্যাগ করবেন এবং প্রজারা ভয়ে আতঙ্কে কাঁপবে। এরা যা করেছে, আমি তার সমুচিত দণ্ড দেব। তোমরা যেভাবে অপরের বিচার করেছ ঠিক সেইভাবে আমি তোমাদেরও দণ্ড দেব। এতে তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।