×

Kitabul Mukkadas

ইহিস্কেল ৯

1
তারপর আমি আল্লাহ্‌কে জোর গলায় ডেকে বলতে শুনলাম, “হে শহর-ধ্বংসের কাজে নিযুক্ত লোকেরা, তোমরা প্রত্যেকে ধ্বংসের অস্ত্র হাতে নিয়ে এখানে এস।”
2
উত্তর দিকের উঁচু জায়গার দরজার দিক থেকে আমি ছয়জন লোককে আসতে দেখলাম; প্রত্যেকের হাতে ধ্বংসকারী অস্ত্র ছিল। তাঁদের সংগে ছিলেন মসীনার কাপড় পরা একজন লোক আর তাঁর কোমরের পাশে ছিল লেখার সরঞ্জাম। তাঁরা ভিতরে ঢুকে ব্রোঞ্জের কোরবানগাহের পাশে দাঁড়ালেন।
3
তখন ইসরাইলের আল্লাহ্‌র যে মহিমা কারুবীদের উপরে ছিল তা সেখান থেকে উঠে বায়তুল-মোকাদ্দসের চৌকাঠের কাছে গেল। মাবুদ মসীনার কাপড় পরা সেই লোকটিকে ডাকলেন।
4
তিনি তাঁকে বললেন, “তুমি জেরুজালেম শহরের মধ্য দিয়ে যাও এবং তার মধ্যে যে সব জঘন্য কাজ করা হয়েছে সেইজন্য যারা দীর্ঘনিঃশ্বাস ফেলে কোঁকাচ্ছে তাদের কপালে একটা করে চিহ্ন দাও।”
5
তারপর আমি শুনতে পেলাম তিনি সেই ছয়জনকে বলছেন, “তোমরা শহরের মধ্যে ওর পিছনে পিছনে যাও এবং কোন মায়া-মমতা না দেখিয়ে লোকদের মেরে ফেলতে থাক, কাউকে রেহাই দিয়ো না।
6
বুড়ো, যুবক, যুবতী মেয়ে, স্ত্রীলোক ও ছোট ছেলেমেয়েদের মেরে ফেল, কিন্তু যাদের কপালে চিহ্ন আছে তাদের ছুঁয়ো না। বায়তুল-মোকাদ্দস থেকে তা করতে শুরু কর।” এতে তাঁরা বায়তুল-মোকাদ্দসের সামনে যে বৃদ্ধ নেতারা ছিলেন তাঁদের দিয়ে শুরু করলেন।
7
তারপর আল্লাহ্‌ তাঁদের বললেন, “তোমরা নিহত লোকদের দিয়ে উঠানটা ভরে ফেলে বায়তুল-মোকাদ্দস নাপাক কর। যাও, কাজ কর।” কাজেই তাঁরা বের হয়ে শহরে গিয়ে লোকদের মেরে ফেলতে লাগলেন।
8
আমি তখন বায়তুল-মোকাদ্দসে একা ছিলাম। সেই সময় আমি উবুড় হয়ে পড়ে আবেগের সংগে বললাম, “হায়, আল্লাহ্‌ মালিক! জেরুজালেমের উপরে তোমার গজব ঢেলে দিয়ে তুমি কি ইসরাইলের বাকী সবাইকে ধ্বংস করে ফেলবে?”
9
তিনি জবাবে আমাকে বললেন, “ইসরাইল ও এহুদার লোকদের গুনাহ্‌ খুবই বেশী; দেশ রক্তপাতে ভরা আর শহরটা অন্যায় কাজে ডুবে গেছে। তারা বলে, ‘মাবুদ এই দেশ ছেড়ে চলে গেছেন; তাই তিনি এই সব দেখেন না।’
10
সেইজন্য আমি তাদের মমতার চোখেও দেখব না, রেহাইও দেব না; তারা যা করেছে তার ফল আমি তাদের উপর ঢেলে দেব।”
11
পরে মসীনার কাপড় পরা সেই লোকটি ফিরে এসে এই খবর দিলেন, “আমি আপনার হুকুম অনুসারে কাজ করেছি।”
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন