“তুমি শিংগা বাজাও। সদাপ্রভুর লোকদের বিরুদ্ধে শত্রু ঈগল পাখীর মত আসছে, কারণ লোকেরা আমার দেওয়া ব্যবস্থা অমান্য করেছে এবং আমার আইন-কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
আমার নির্দেশ ছাড়াই তারা রাজাদের নিযুক্ত করেছে; আমার অনুমতি ছাড়াই তারা নেতাদের বেছে নিয়েছে। তাদের সোনা ও রূপা দিয়ে তারা প্রতিমা তৈরী করে নিজেদের সর্বনাশ করেছে।
যদিও তারা বিভিন্ন জাতির সংগে টাকা দিয়ে বন্ধুত্ব করেছে তবুও এখন আমি তাদের একসংগে জড়ো করে শাস্তি দেব। তারা শাসনকর্তাদের রাজার অত্যাচারের তলায় ক্ষয় হয়ে যাবে।
তারা আমার উদ্দেশে পশু-উৎসর্গ করে তার মাংস খায় কিন্তু আমি সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট নই। এখন আমি তাদের দুষ্টতার কথা স্মরণ করে তাদের পাপের শাস্তি দেব; তারা মিসরে ফিরে যাবে।
ইস্রায়েলের লোকেরা নিজেদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বড় বড় বাড়ী তৈরী করেছে; যিহূদার লোকেরা অনেক শহর দেয়াল দিয়ে ঘিরেছে। কিন্তু আমি তাদের শহরগুলোর উপরে আগুন পাঠাব যা তাদের সব দুর্গ পুড়িয়ে ফেলবে।”