পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে।
ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি।
এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার আহ্বান করো। প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, তাদের সবাইকে তলব করো, তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে।