দারিদ্র্যের জন্য যদি কেউ নির্ধারিত মূল্য দিতে অক্ষম হয় তবে তাকে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে এবং পুরোহিত তার মূল্য নির্ধারণ করবে। মানতকারীর সামর্থ্য অনুযায়ী পুরোহিত তার মূল্য স্থির করবে।
মানতকারী ব্যক্তি সেই পশুর বদলে অন্য পশু, মন্দের পরিবর্তে ভাল কিম্বা ভালর পরিবর্তে মন্দ দান করবে না। যদি কোন ভাবে পশু বদল হয়ে যায়, তবে আসল এবং তার পরিবর্ত উভয় পশুই পবিত্র বলে গণ্য হবে।
যদি কোন ব্যক্তি তার বাসগৃহ প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র বলে গণ্য করার জন্য উৎসর্গ করে তবে সেই গৃহ ভাল হোক বা মন্দ হোক, পুরোহিত তার একটি মূল্য নির্ধারণ করবে। পুরোহিতের নির্ধারণই চূড়ান্ত হবে।
যদি কোন ব্যক্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমির কোন অংশ প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করে, তবে সেই জমিতে বপনের জন্য প্রয়োজনীয় বীজের পরিমাণ অনুযায়ী তার মূল্য নির্ধারিত হবে। এক হোমের পরিমাণ যবের মূল্য হবে পঞ্চাশ শেকেল রূপো।
কিন্তু যদি সে জুবিলির বছরের পরে তার জমি দান করে, তাহলে পুরোহিত আগামী জুবিলি পর্যন্ত বছরের সংখ্যা হিসাব করে প্রদেয় রূপোর পরিমাণ স্থির করবে এবং নির্ধারিত মূল্য থেকে সেই পরিমাণ মূল্য বাদ যাবে।
জুবিলির বছরে সেই জমি ক্রেতার হাত থেকে মুক্ত হয়ে দেবোত্তর ভূমি রূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র বলে গণ্য হবে। সেই জমিতে কেবলমাত্র পুরোহিতের অধিকার থাকবে।
তাহলে পুরোহিত জুবিলির বছর পর্যন্ত হিসাব করে তার মূল্য নির্ধারণ করবে এবং সেই ব্যক্তিকে সেই দিন নির্ধারিত মূল্য দিতে হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তা পবিত্র বলে গণ্য হবে।
প্রথমজাত পশুশাবকসমূহ বিধান অনুযায়ী প্রভু পরমেশ্বরের অধিকারস্বরূপ হওয়ার কেউ সেগুলিকে তাঁর উদ্দেশে দান করতে পারবে না। মেষ বা বৃষ যাই হোক না কেন সেটি প্রভু পরমেশ্বরের।
যদি সেই পশু অশুচি হয় তবে তার মালিক নির্ধারিত মূল্যের এক পঞ্চমাংশ বেশী দিয়ে তা মুক্ত করতে পারবে। মুক্ত করা না হলে সেই পশু নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে।
কোন ব্যক্তি তার সম্পত্তি থেকে মানুষ কি পশু কিংবা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমির কোন অংশ যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র বলে গণ্য হওয়ার জন্য দান করে, তাহলে তা বিক্রি বা পুনরুদ্ধার করা চলবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিঃশর্তভাবে উৎসর্গিত সমস্ত বস্তু মহাপবিত্র।
সেগুলি ভাল কি মন্দ সে বিচার কাউকে করতে হবে না ও তার বদল করাও চলবে না। যদি কোন ভাবে তার বদল হয়ে যায়, তাহলে সেটি এবং তার পরিবর্ত পশুটি উভয়েই পবিত্র বলে গণ্য হবে। তাকে মুক্ত করা যাবে না।