ওবদিয়ের দর্শন। ইদোম সম্পর্কে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমরা সদাপ্রভুর কাছ থেকে এক বার্তা শুনেছি, জাতিসমূহের কাছে বলার জন্য এক দূত প্রেরিত হয়েছিল, “তোমরা ওঠো, চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য যাই।”
তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো, তোমরা যারা মনে মনে বলো, ‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’ তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।
“যদি চোরেরা তোমাদের কাছে আসত, যদি রাত্রে দস্যুরা আসত, তাহলে কী বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে!— তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না? যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত, তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?
তোমার সমস্ত মিত্রশক্তি তোমাকে সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার সঙ্গে প্রতারণা করে তোমাকে পরাস্ত করবে; যারা তোমার অন্ন ভোজন করে, তারা তোমার জন্য এক ফাঁদ পাতবে, কিন্তু তুমি তা বুঝতে পারবে না।”
যেদিন তুমি দূরে দাঁড়িয়েছিলে, যখন বিজাতীয় লোকেরা তার ধনসম্পদ বয়ে নিয়ে যাচ্ছিল, বিদেশিরা তার তোরণদ্বারগুলিতে প্রবেশ করে জেরুশালেমের জন্য গুটিকাপাত করেছিল, তুমিও তাদের একজনের মতো হয়েছিলে।
তোমার ভাই-এর দুর্ভাগ্যের দিনে, তার প্রতি তোমার হীনদৃষ্টি করা উচিত ছিল না, তাদের বিনাশের দিনে যিহূদার লোকদের সম্পর্কে তোমার উল্লসিত হওয়া উচিত ছিল না, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে তোমাদের এত বেশি দর্প করা উচিত হয়েছিল।
আমার প্রজাদের তোরণদ্বারগুলি দিয়ে তোমাদের সমরাভিযান করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, তাদের দুর্ভোগের জন্য তোমাদের তাদেরকে ঘৃণা করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে, না তাদের ধনসম্পদ কেড়ে নেওয়া তোমাদের উচিত হয়েছিল তাদের বিপর্যয়ের দিনে।
তাদের পলাতকদের হত্যা করার জন্য রাস্তার সংযোগস্থানগুলিতে তোমাদের দাঁড়ানো উচিত হয়নি, না তো তাদের কষ্ট-সংকটের সময়ে অবশিষ্ট লোকেদের সমর্পণ করা তোমাদের উচিত হয়েছে।
যাকোবের কুল হবে আগুনের মতো আর যোষেফের কুল হবে আগুনের শিখার মতো; এষৌর কুল হবে খড়কুটোর মতো, তারা তাকে দাহ করে গ্রাস করবে। এষৌর কুল থেকে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত কেউই থাকবে না।” সদাপ্রভু একথা বলেছেন।
নেগেভ থেকে লোকেরা এসে এষৌর পাহাড়গুলি দখল করবে। নিচু পাহাড়ি অঞ্চলের লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে। তারা এসে ইফ্রয়িম ও শমরিয়ার ক্ষেত্রের দখল নেবে এবং বিন্যামীন গিলিয়দ অধিকার করবে।
এই ইস্রায়েলী নির্বাসিতের দল, যারা কনানে আছে, তারা সারিফত পর্যন্ত দেশ অধিকার করবে; জেরুশালেম থেকে নির্বাসিতের দল, যারা সফারদে আছে, তারা নেগেভের নগরগুলি অধিকার করবে।