তিনি থামলেন এবং দুনিয়াকে নাড়ালেন, তিনি দৃষ্টিপাত করলেন এবং জাতিদেরকে কাঁপিয়ে তুললেন; সনাতন পর্বতগুলো খণ্ড-বিখণ্ড হল, চিরন্তন পাহাড়গুলো নত হল; অনাদিকাল থেকে তাঁর গতি।
মাবুদ কি নদ-নদীর প্রতি বিরক্ত হলেন, তোমার গজব কি নদ-নদীর উপরে বর্তিল, সমুদ্রের প্রতি কি তোমার কোপ হল যে, তুমি তোমার ঘোড়াগুলোতে আরোহণ করলে? তোমার বিজয়ী রথগুলোতে আরোহণ করলে?
তুমি যাত্রা করলে, তোমার লোকদের উদ্ধার করার জন্য, তোমার অভিষিক্ত লোকের উদ্ধারের জন্য; তুমি দুষ্টের বাড়ির মাথা চূর্ণ করলে, গলা পর্যন্ত তার মূল অনাবৃত করলে।
আমি শুনলাম, আমার অন্তর কাঁপতে লাগল, সেই শব্দে আমার ওষ্ঠাধর কেঁপে উঠলো, আমার অস্থিতে পচন প্রবেশ করলো, আমি স্বস্থানে কাঁপতে লাগলাম, কারণ আমাকে বিশ্রাম করতে হবে, সঙ্কটের দিনের অপেক্ষায়, যখন আক্রমণকারীরা আসবে লোকদের বিরুদ্ধে।
যদিও ডুমুর গাছ পুষ্পিত হবে না, আঙ্গুরলতায় ফুল ধরবে না, জলপাই গাছ ফলদানে ব্যর্থ হবে, ও ক্ষেতে খাদ্যদ্রব্য উপন্ন হবে না, খোঁয়াড় থেকে ভেড়ার পাল উচ্ছিন্ন হবে, গোয়ালে গরু থাকবে না;
সার্বভৌম মাবুদ আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন, তিনি আমার উচ্চস্থলীগুলো দিয়ে আমাকে চলাচল করাবেন। প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।