মূর্তিগুলো ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে; তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, আর তারা মিথ্যাই সান্ত্বনা দেয়। সেইজন্য লোকেরা অত্যাচারিত হয়ে ভেড়ার মত ঘুরে বেড়ায়, কারণ তাদের পালক নেই।
মাবুদ বলছেন, “পালকদের বিরুদ্ধে আমার রাগ জ্বলে উঠছে, সেইজন্য আমি নেতাদের শাস্তি দেব। আমি আল্লাহ্ রাব্বুল আলামীন নিজের পালের, অর্থাৎ এহুদার লোকদের দেখাশোনা করব এবং যুদ্ধের শক্তিশালী ঘোড়ার মত করে তুলব।
তখন এহুদার লোকেরা এমন শক্তিশালী লোকদের মত হবে যারা যুদ্ধে কাদা-ভরা রাস্তায় শত্রুদের পায়ে মাড়ায়। আমি তাদের সংগে থাকব বলে তারা যুদ্ধ করে ঘোড়সওয়ারদের হারিয়ে দেবে।
“আমি এহুদার লোকদের শক্তিশালী করব এবং ইউসুফের, অর্থাৎ ইসরাইলের লোকদের উদ্ধার করব। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের উপর আমার মমতা আছে। তখন তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করি নি, কারণ আমি তাদের মাবুদ আল্লাহ্; আমি তাদের ডাকে সাড়া দেব।
আমি কষ্ট-সাগরের মধ্য দিয়ে যাব আর সাগরের ঢেউকে দমন করব এবং তাতে নীল নদের সব গভীর জায়গাগুলো শুকিয়ে যাবে। আশেরিয়ার অহংকার ভেংগে দেওয়া হবে এবং মিসরের রাজদণ্ড দূর হয়ে যাবে।