তিনি আমাকে বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “আমি একটা সোনার বাতিদান দেখতে পাচ্ছি যার মাথায় রয়েছে একটা তেলের পাত্র। সেই বাতিদানের উপরে সাতটা প্রদীপ ও প্রত্যেকটি প্রদীপে সাতটা সল্তে রাখবার জায়গা আছে।
তখন তিনি আমাকে বললেন, “সদাপ্রভু সরুব্বাবিলকে এই সংবাদ দিচ্ছেন, ‘শক্তি বা ক্ষমতার দ্বারা নয়, কিন্তু আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমার আত্মা দ্বারা তুমি সফল হবে।
“সরুব্বাবিলের হাত এই উপাসনা-ঘরের ভিত্তি স্থাপন করেছে এবং তারই হাত সেটা শেষ করবে। তখন লোকেরা জানতে পারবে যে, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।
এতদিন যে সামান্য কাজ হয়েছে তা লোকে তুচ্ছ মনে করেছে। কিন্তু সরুব্বাবিলের হাতে ওলনদড়িটা দেখে লোকেরা আনন্দ করবে।” তারপর আমি শুনলাম, “এই সাতটা প্রদীপ হল সদাপ্রভুর চোখ যা সারা পৃথিবী দেখতে পায়।”
আবার আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “ঐ দু’টা জলপাই গাছের ডাল থেকে সোনালী তেল বের হয়ে এসে সোনার বাতিদানের দু’টি সল্তে রাখবার জায়গায় পড়েছে। ঐ ডালগুলোর অর্থ কি?”