অস্কিলোন তা দেখে ভয় পাবে, গাজা যন্ত্রণায় মোচড় খাবে আর ইক্রোণের দশাও তা-ই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে আর অস্কিলোনে কেউ বাস করবে না।
আমি তাদের মুখ থেকে রক্ত সুদ্ধ মাংস ও অন্যান্য নিষেধ করা খাবার বের করব। তাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা হবে আমার লোক; তারা হবে যিহূদার একটা বংশের মত এবং ইক্রোণ হবে যিবূষীয়দের মত।
“হে সিয়োন-কন্যা, খুব আনন্দ কর। হে যিরূশালেম, তুমি জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার কাছে আসছেন; তিনি ন্যায়বান ও তাঁর কাছে উদ্ধার আছে; তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন।
আমি ইফ্রয়িমের রথ ও যিরূশালেমের যুদ্ধের ঘোড়া সব ধ্বংস করব আর যুদ্ধের ধনুক ভেংগে ফেলা হবে। তিনি জাতিদের কাছে শান্তি ঘোষণা করবেন। তাঁর শাসন সাগর থেকে সাগর পর্যন্ত, ইউফ্রেটিস নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত চলবে।
আমি যিহূদাকে ধনুকের মত আর ইফ্রয়িমকে তীরের মত ব্যবহার করব। হে সিয়োন, আমি তোমার ছেলেদের গ্রীস দেশের ছেলেদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব এবং তোমাকে যোদ্ধার তলোয়ারের মত করব।”
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের রক্ষা করবেন। এতে তারা শত্রুদের ধ্বংস করবে ও তাদের ফিংগার পাথর পায়ে মাড়াবে। তারা আংগুর-রস খাবে এবং মাতালদের মত চিৎকার করবে; বেদীর কোণাগুলোতে পাত্র থেকে রক্ত ঢালবার মত করে তারা প্রচুর রক্তপাত করবে।