তোমরা যদি মনে প্রাণে আমার নামের মর্যাদা না দাও, আমার কথা না শোন তাহলে আমি তোমাদের উপর অভিশাপ বর্ষণ করব, তোমাদের ধন-জন, শ্রী-সম্পদ সব যাবে। বাস্তবিক, সে অভিশাপ এরই মধ্যে তোমাদের উপর ফলতে শুরু করেছে কারণ তোমরা আমার কথায় কান দাওনি।
তাদের সঙ্গে আমার যে সন্ধি স্থাপিত হয়েছিল তার ফলে তারা পেয়েছিল সুখ-সমৃদ্ধি। আমিই তাদের সেইসব দিয়েছিলাম যেন তারা আমাকে ভয়ভক্তি করে, আর তারাও তাই করত। আমার প্রতি ছিল তাদের শ্রদ্ধা ও ভক্তি।
তাদের মুখে উচ্চারিত হতো সত্যের বিধান, তারা কোন ভ্রান্ত শিক্ষা দিত না। তারা ছিল ধর্মনিষ্ঠ। আমার সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। তারা অধর্মের পথ থেকে ফিরিয়ে আনত অনেককে।
আমাদের সকলের পিতা কি এক নন? এক ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেননি? তাহলে কেন আমরা একে অপরকে ঠকাচ্ছি? কেন আমাদের পূর্বপুরুষের সঙ্গে স্থাপিত সন্ধির শর্ত ভঙ্গ করছি?
ইহুদী জাতি বিশ্বাস ভঙ্গ করেছে, তারা ইসরায়েল দেশে ও জেরুশালেমে জঘন্য অনাচার করেছে। তারা পরমেশ্বরের প্রিয় পীঠস্থান অশুচি করেছে। তারা বিধর্মী কন্যাদের বিবাহ করেছে যারা অন্য দেবতার উপাসনা করে।
যারা এইরকম আচরণ করে, পরমেশ্বর তাদের ইসরায়েল সমাজ থেকে উচ্ছিন্ন করুন, তারা গৃহস্থ বা যাযাবর যাই হোক না কেন। তারা যেন সর্বাধিপতি ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করতে না পরে।
আর একটি কথা হচ্ছে এই যে, তোমরা কান্নাকাটি কর, বিলাপ কর, চোখের জলে পরমেশ্বরের বেদী ভিজিয়ে দাও কারণ তিনি আর তোমাদের নৈবেদ্যের প্রতি ভ্রূক্ষেপ করেন না কিম্বা তোমাদের দেওয়া উপহার প্রসন্ন চিত্তে গ্রহণ করেন না।
তোমরা জানতে চাও, কেন তিনি গ্রাহ্য করেন না? কারণ যৌবনে যাকে তুমি বিবাহ করেছিলে সে তোমার সঙ্গিনী ও বিধান সম্মত পত্নী। প্রভু পরমেশ্বর তার সাক্ষী। তা সত্ত্বেও তোমরা বিবাহের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছ।
সেই প্রভু পরমেশ্বরই কি তোমাদের একাঙ্গ ও একাত্ম করেননি? তাকেও কি নিজের আত্মার অংশ দেননি? এর কারণ কি? কারণ তিনি সুসন্তান চান। অতএব সাবধান! সেই স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করো না।
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সর্বাধিপতি প্রভু বলেন, আমি বিবাহ-বিচ্ছেদ ঘৃণা করি এবং এই রকম নিষ্ঠুর আচরণ যার স্বভাব, তাকেও ঘৃণা করি। সুতরাং সাবধান, বিশ্বাসঘাতকতা করো না।
তোমাদের কথায় প্রভু পরমেশ্বর বিরক্ত। তোমরা জিজ্ঞাসা করে থাক, কোন কথায় তিনি বিরক্ত? তোমাদের এই কথায়, ‘যারা দুষ্কর্ম করে, তারাই প্রভুর দৃষ্টিতে উত্তম, তিনি তাদের প্রতি প্রসন্ন।’ অথবা এই প্রশ্নে ‘ঈশ্বরের ন্যায়বিচার কোথায়?’