নিজের দেশে থাকবার সময় যখন তোমরা কোন অত্যাচারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন দু’টা তূরীই বাজিয়ে সংকেত দেবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তখন তোমাদের কথা ভেবে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।
তোমাদের আনন্দ-উৎসবের সময়ে, তোমাদের জন্য নির্দিষ্ট করা বিভিন্ন পর্বের সময়ে ও মাসের আরম্ভে যখন তোমরা পোড়ানো-উৎসর্গের ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে তখন তোমরা তূরী বাজাবে। তা দিয়ে তোমাদের ঈশ্বরের সামনে তোমাদের তুলে ধরা হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”
সবার শেষে রওনা হল দান-বিভাগের বিভিন্ন দল তাদের বিভাগীয় পতাকার তলায়। এরা রক্ষীদল হিসাবে সমস্ত দলগুলোর পিছনে গেল। দান-গোষ্ঠীর নেতা ছিলেন অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর।
এর পর মোশি তাঁর শ্বশুর মিদিয়নীয় রূয়েলের ছেলে হোববকে বললেন, “সদাপ্রভু যে দেশ আমাদের দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন আমরা সেই দেশের দিকে রওনা হচ্ছি। তুমি আমাদের সংগে চল। আমরা তোমার মংগলই করব, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয়দের অনেক মংগল করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।”
এইভাবে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর পাহাড়ের কাছ থেকে রওনা হয়ে তিন দিনের পথ এগিয়ে গেল। তাদের বিশ্রামের জন্য একটা জায়গা খুঁজে বের করবার উদ্দেশ্যে সেই তিন দিন পর্যন্ত সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি তাদের আগে আগে গেল।
যখনই সাক্ষ্য-সিন্দুকটি রওনা হত মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠো। তোমার শত্রুরা সব ছড়িয়ে পড়ুক আর যারা তোমাকে ঘৃণার চোখে দেখে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”