ইস্রায়েলীয়দের যে সব দুঃখ-কষ্ট হচ্ছিল তা নিয়ে তারা সদাপ্রভুর সামনে চেঁচামেচি করতে লাগল। তা শুনে সদাপ্রভু ভীষণ অসন্তুষ্ট হলেন। তাঁর পাঠানো আগুন তাদের মধ্যে জ্বলতে লাগল এবং ছাউনির কিনারার কিছু লোককে পুড়িয়ে মারল।
ইস্রায়েলীয়দের সংগে অন্যান্য জাতির যে লোকেরা ছিল তারা অন্য রকম খাবারের লোভে পাগল হয়ে উঠল। তাদের দেখাদেখি ইস্রায়েলীয়েরা আবার কান্নাকাটি করে বলতে লাগল, “হায়, যদি আমরা মাংস খেতে পেতাম!
লোকেরা ঘুরে ঘুরে সেগুলো কুড়িয়ে আনত আর জাঁতায় কিম্বা হামানদিস্তায় গুঁড়া করে নিত। সেগুলো তারা হাঁড়ির মধ্যে সিদ্ধ করত কিম্বা তা দিয়ে রুটি বানাত। তার স্বাদ ছিল জলপাইয়ের তেল দিয়ে বানানো পিঠার মত।
তিনি সদাপ্রভুকে বললেন, “তুমি তোমার দাসকে কেন এই বিপদে ফেলেছ? তোমাকে অসন্তুষ্ট করবার মত আমি এমন কি করেছি যে, তুমি এই সমস্ত লোকদের বোঝা আমার উপর চাপিয়েছ?
আমি কি এই সব লোকদের পেটে ধরেছি? আমি কি এদের প্রসব করেছি? তুমি এদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার শপথ করেছিলে সেখানে কেন তুমি আমাকে পালক-পিতার মত করে তাদের কোলে করে নিয়ে যেতে বলছ?
সদাপ্রভু মোশিকে বললেন, “ইস্রায়েলীয়দের মধ্যে যাদের তুমি নেতা এবং সম্মানিত লোক বলে জান তাদের মধ্য থেকে সত্তরজন বৃদ্ধ নেতাকে আমার কাছে নিয়ে এস। তুমি তাদের মিলন-তাম্বুর কাছে এসে তোমার সংগে দাঁড়াতে বল।
আমি সেখানে নেমে এসে তোমার সংগে কথা বলব। তোমার উপর যে আত্মা রয়েছেন আমি তাঁকে তাদের উপরেও দেব। লোকদের বোঝা বয়ে নিতে তারাই তোমাকে সাহায্য করবে। তাতে তোমাকে আর একা বোঝা বইতে হবে না।
তুমি লোকদের বল, ‘তোমরা নিজেদের সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিয়ে কালকের জন্য প্রস্তুত হও, কারণ কালকেই তোমরা মাংস খেতে পাবে। তোমরা সদাপ্রভুর কাছে কেঁদে কেঁদে মাংস খাবার কথা বলেছিলে আর জানিয়েছিলে যে, এর চেয়ে মিসর দেশেই তোমরা ভাল ছিলে। তাই এখন তিনি তোমাদের মাংস দেবেন আর তোমরা তা খাবে।
খাবে গোটা এক মাস ধরে। তখন সেই মাংস তোমাদের নাক দিয়ে বেরিয়ে আসবে আর মাংসে তোমাদের অরুচি ধরে যাবে। এই সব হবে কারণ যিনি তোমাদের মধ্যে রয়েছেন সেই সদাপ্রভুকে তোমরা অগ্রাহ্য করেছ আর তাঁর সামনে কেঁদে কেঁদে বলেছ যে, মিসর দেশ ছেড়ে আসা তোমাদের উচিত হয় নি।’ ”
তখন সদাপ্রভু সেই মেঘে ঘেরাও হয়ে নেমে এসে মোশির সংগে কথা বললেন। মোশির উপর যে আত্মা ছিলেন তাঁকে তিনি ঐ সত্তরজন বৃদ্ধ নেতার উপরেও দিলেন। যখন সেই আত্মা তাঁদের উপর আসলেন তখন কিছুকালের জন্য তাঁরা নবী হিসাবে কথা বললেন।
ইল্দদ আর মেদদ নামে দু’জন লোক ছাউনির মধ্যেই রয়ে গিয়েছিলেন। বেছে নেওয়া বৃদ্ধ নেতাদের মধ্যে এই দু’জনও ছিলেন, কিন্তু তারা মিলন-তাম্বুর কাছে যান নি। তবুও তাঁদের উপর সেই আত্মা এসেছিলেন। তাতে তাঁরাও ঐ সময় ছাউনির মধ্যে নবী হিসাবে কথা বলতে লাগলেন।
পরে সদাপ্রভু একটা বাতাস বহালেন। সেই বাতাস সমুদ্র থেকে ভারুই পাখী ঠেলে এনে ছাউনির চারপাশে এক দিনের পথ জুড়ে এমনভাবে ফেলে দিল যে, সেগুলো মাটি থেকে দু’হাত পর্যন্ত উঁচু হয়ে গাদা হয়ে রইল।
সেই দিন ও সেই রাত এবং তার পরের সারাটা দিন লোকেরা বাইরে গিয়ে ভারুই পাখী কুড়িয়ে আনল। তারা প্রত্যেকেই কমপক্ষে এক হাজার আটশো কেজি করে কুড়াল। সেগুলো তারা ছাউনির চারপাশে বিছিয়ে রাখল।