মাবুদ মূসাকে বনি-ইসরাইলদের এই কথা বলতে বললেন, “যে দেশটা আমি তোমাদের নিজের দেশ হিসাবে দিচ্ছি সেখানে যাবার পরে আমাকে খুশী করবার খোশবুর জন্য তোমরা পাল থেকে গরু, ভেড়া বা ছাগল নিয়ে এসে আমার উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দেবে। কোরবানীর প্রত্যেকটি পশুর সংগে থাকবে শস্য-কোরবানী এবং ঢালন-কোরবানী- সেটা পোড়ানো-কোরবানীই হোক, কিংবা বিশেষ মানত পূরণের কোরবানীই হোক, কিংবা নিজের ইচ্ছায় করা কোরবানীই হোক, কিংবা কোন ঈদের কোরবানীই হোক। কোরবানীর পশুটা বাচ্চা-ভেড়া হলে তার সংগে শস্য-কোরবানীর জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে এক কেজি আটশো গ্রাম আর তেলের পরিমাণ হবে প্রায় এক লিটার। ঢালন-কোরবানীর জন্য আনতে হবে প্রায় এক লিটার আংগুর-রস।
অন্য জাতির কোন লোক কিংবা তোমাদের মধ্যে বাস করা অন্য কেউ যদি মাবুদকে খুশী করবার খোশবুর জন্য আগুনে দেওয়া-কোরবানী দেয় তবে তাকে ঠিক তোমাদের মতই সমস্ত কিছু করতে হবে। বংশের পর বংশ ধরে এই নিয়ম চলবে।
তোমাদের সমাজে সকলের জন্য একই নিয়ম চালু থাকবে- সে তোমরাই হও কিংবা তোমাদের মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকই হোক। বংশের পর বংশ ধরে তা হবে একটা স্থায়ী নিয়ম। এই ব্যাপারে আমার কাছে তোমরাও যা ভিন্ন জাতির লোকেরাও তা।
এর পর মাবুদ মূসাকে বনি-ইসরাইলদের এই কথা বলতে বললেন, “আমি তোমাদের যে দেশে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে যখন তোমরা দেশের ফসল ভোগ করবে তখন সেই ফসলের একটা অংশ তোমরা আমার কাছে কোরবানী করবে।
“যদি কোন ভুলের দরুন তোমরা সবাই মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের এই সব হুকুমের কোনটা পালন না কর এবং সেই হুকুম দেওয়ার দিন থেকে শুরু করে যদি বংশের পর বংশ ধরে সেই ভুল তোমাদের হতেই থাকে আর সেই ভুল যদি সকলের অজানা থেকে যায়, তবে তা জানবার পরে মাবুদকে খুশী করবার খোশবুর জন্য গোটা ইসরাইল জাতিকে একটা ষাঁড় দিয়ে পোড়ানো-কোরবানী দিতে হবে। সেই সংগে তার নিয়মিত শস্য-কোরবানী এবং ঢালন-কোরবানী করতে হবে আর গুনাহের কোরবানী হিসাবে একটা ছাগলও কোরবানী দিতে হবে।
ইমামকে গোটা ইসরাইল জাতির সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। তাতে তাদের মাফ করা হবে, কারণ তারা ইচ্ছা করে তা করে নি এবং তাদের ভুলের জন্য তারা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী এবং গুনাহের কোরবানীর ব্যবস্থা করেছে।
“কিন্তু ইসরাইলীয় কিংবা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের মধ্য থেকে যদি কেউ ইচ্ছা করে অন্যায় করে তবে সে মাবুদকে অপমান করে। তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
তারপর মাবুদ মূসাকে বনি-ইসরাইলদের এই কথা বলতে বললেন, “তোমরা তোমাদের গায়ের চাদরের কোণায় থোপ্না লাগাবে এবং প্রত্যেকটা থোপ্না নীল সুতা দিয়ে কাপড়ের সংগে বেঁধে দেবে। এটা তোমাদের বংশের পর বংশ ধরে করতে হবে।
সেই থোপ্নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত হুকুমের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি বেঈমানী করে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না।