আর তার উপরে তার পরিচর্যার সমস্ত পাত্র, অঙ্গারদানী, ত্রিশূল, হাতা ও বাটি, কোরবানগাহ্র সমস্ত পাত্র রাখবে; আর তারা তার উপরে শুশুকের চামড়ার আচ্ছাদন দেবে এবং তার বহন-দণ্ড পরাবে।
এভাবে শিবিরের অগ্রসর হবার সময়ে হারুন ও তার পুত্ররা পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সমাপ্ত করার পর কহাতীয়রা তা বহন করতে আসবে; কিন্তু তারা পবিত্র বস্তু স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। এসব জমায়েত-তাঁবুতে কহাতীয়দের বহনীয় হবে।
আর প্রদীপের জন্য তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, প্রতিদিনের শস্য-উৎসর্গ ও অভিষেকের তেলের তত্ত্বাবধান, সমস্ত শরীয়ত-তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্র স্থান ও তার দ্রব্যগুলোর তত্ত্বাবধান করা হারুনের পুত্র ইমাম ইলিয়াসরের কাজ হবে।
কিন্তু যখন তারা অতি পবিত্র বস্তুর কাছে যায়, তখন তারা যেন বেঁচে থাকে, মারা না পড়ে, সেজন্য তোমরা তাদের প্রতি এরকম করো; হারুন ও তার পুত্ররা ভিতরে গিয়ে ওদের প্রত্যেকজনকে নিজ নিজ সেবাকর্মে ও ভার বহনে নিযুক্ত করবে।
জমায়েত-তাঁবুর দ্বারের আচ্ছাদনের কাপড়; প্রাঙ্গণের সমস্ত পর্দা এবং শরীয়ত-তাঁবুর ও কোরবানগাহ্র চারপাশের প্রাঙ্গণের দ্বারের আচ্ছাদনের কাপড়; তার দড়ি ও সেবাকর্মের সমস্ত দ্রব্য বহন করবে; আর এই সম্পর্কে আরও যা কিছু করার প্রয়োজন হয় তাও করবে।
প্রাঙ্গণের চারপাশের সমস্ত স্তম্ভ, সেই সবের চুঙ্গি, গোঁজ, দড়ি ও তৎসম্বন্ধীয় সমস্ত দ্রব্য ও কাজ। তোমরা নামে নামে তাদের বহনীয় ভারের সমস্ত দ্রব্য গণনা করবে।
মাবুদের হুকুম অনুসারেই মূসা তাদের প্রত্যেক জনকে নিজ নিজ সেবাকর্ম ও ভার বহন অনুসারে গণনা করলেন; এভাবে মূসার কাছে দেওয়া মাবুদের হুকুম অনুসারেই তিনি তাদের গণনা করলেন।