তখন সে আঙ্গুর-রস ও সুরা থেকে পৃথক থাকবে, আঙ্গুর-রসের সিরকা বা সুরার সিরকা পান করবে না এবং আঙ্গুর ফল থেকে উৎপন্ন কোন পানীয় পান করবে না, আর কাঁচা বা শুক্নো আঙ্গুর ফল খাবে না।
তার পৃথক নাসরীয়-ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করা চলবে না; মাবুদের উদ্দেশে তার পৃথক থাকবার দিন-সংখ্যা যতদিন সমপূর্ণ না হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বৃদ্ধি পেতে দেবে।
যদিও তার পিতা কিংবা মা কিংবা ভাই কিংবা বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে নাপাক করবে না; কেননা তার মাথায় আল্লাহ্র উদ্দেশে নাসরীয় ব্রতের চিহ্ন আছে।
আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছে মারা যাওয়াতে সে তার পৃথক থাকবার চিহ্নবিশিষ্ট মাথা নাপাক করে, তবে সে পাক-পবিত্র হবার দিনে তার মাথা মুণ্ডন করবে, সপ্তম দিনে তা মুণ্ডন করবে।
ইমাম তাদের একটি গুনাহ্র জন্য, অন্যটি পোড়ানো-কোরবানীর জন্য নিবেদন করে মৃত লাশের দরুন তার কৃত গুনাহ্র জন্য কাফ্ফারা দেবে; আর সেই দিনে তাকে পবিত্র করবে।
আবার সে তার পৃথক্ থাকবার দিনগুলোতে মাবুদের উদ্দেশে পৃথক থাকবে এবং দোষ-কোরবানী হিসেবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার পৃথক হয়ে থাকবার দিনগুলো নাপাক হওয়াতে তার পূর্বগত সমস্ত দিন নিরর্থক হবে।
পরে সে মাবুদের উদ্দেশে তার উপহার কোরবানী করবে; পোড়ানো-কোরবানীর জন্য এক বছর বয়েসী নিখুঁত এক ভেড়ার বাচ্চা ও গুনাহ্-কোরবানীর জন্য এক বছরের নিখুঁত একটি ভেড়ীর বাচ্চা ও মঙ্গল-কোরবানী জন্য নিখুঁত একটি ভেড়া,
পরে নাসরীয় জমায়েত-তাঁবুর দ্বারে তার পৃথক থাকবার চিহ্নস্বরূপ মাথা মুণ্ডন করবে ও তার পৃথক থাকবার চিহ্ন যে মাথার চুল, তা নিয়ে মঙ্গল-কোরবানীর নিচে থাকা আগুনে রাখবে।
আর ইমাম সেসব দোলনীয় নৈবেদ্য-কোরবানী জন্য মাবুদের সম্মুখে দোলাবে; তাতে দোলনীয় বুকের গোশ্ত ও উত্তোলনীয় জঙ্ঘা সহ তা ইমামের জন্য পবিত্র হবে; তারপর নাসরীয় ব্যক্তি আঙ্গুর-রস পান করতে পারবে।
নাসরীয় ব্রতধারীকে এই নিয়ম পালন করতে হবে। পৃথক থাকবার দিনগুলোর জন্য মাবুদকে তার নির্দিষ্ট উপহার দিতে হবে। এছাড়া, তার সংস্থান অনুসারে সে আরও যা কিছু দিতে মানত করেছে তা দিতে হবে।